spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

আবহাওয়া নিয়ে নতুন সতর্কবার্তা

জেড নিউজ, ঢাকা:

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম ছাড়া দেশের সাত বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হওয়ায় সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

সুরমা নদী (ছাতক, সুনামগঞ্জ) বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপরে, কুশিয়ারা নদী (ফেঞ্চুগঞ্জ, সিলেট) বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপরে, সোমেশ্বরী নদী (কলমাকান্দা, নেত্রকোনা) বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি বেড়েছে। আগামী তিন দিন সুরমা ও কুশিয়ারার পানি আরও বাড়তে পারে। ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। যেসব এলাকায় ইতোমধ্যে বন্যা চলছে, সেখানে পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও বাড়ছে। আগামী দুই দিনে এসব নদীর কিছু স্থানে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে আকস্মিক বা স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

এ ছাড়া ব্রহ্মপুত্র-যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী তিন দিনের মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের বিভিন্ন স্থানে নদীর পানি সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, যাদুকাটা, সারিগোয়াইন, সোমেশ্বরী ও ভোগাই নদীর উজানে ভারতের মেঘালয়ে গত ২৪ ঘণ্টায় অতি ভারী বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ ছিল— উইলিয়ামনগর: ৩৭১ মিলিমিটার,আর কে এম সোহরা: ২৮২ মিলিমিটার, চেরাপুঞ্জি: ২৭৯ মিলিমিটারতুরা: ১০১ মিলিমিটার এই ভারী বৃষ্টির প্রভাব বাংলাদেশে নদ-নদীর পানির উচ্চতা আরও বাড়াতে পারে।

আবহাওয়াবিদ জানিয়েছেন, সোমবার সকাল ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়াবিদ জানিয়েছেন, টানা বৃষ্টির কারণে ঢাকার বিভিন্ন এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। বিশেষ করে মিরপুর ও কাজীপাড়া এলাকায় প্রায় ৩০ মিলিমিটার বৃষ্টিতেই হাঁটুসমান পানি জমে যাওয়ার আশঙ্কা থাকে।

মঙ্গলবার (২১ জুলাই) দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। বুধবারও একই ধরনের আবহাওয়া বিরাজ করবে। এছাড়া রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এদিকে, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নীলফামারীর ডিমলায়। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল যশোরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়