spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

বর্ষায় উপভোগ করুন ইলিশ মাছের কাঁচা মাখা

জেড নিউজ, ঢাকা:
বর্ষা মানেই টুপটাপ বৃষ্টি, মেঘলা আকাশ আর পাতে গরম ভাতের সঙ্গে ইলিশের নানা পদ। তবে ইলিশের স্বাদ নিতে সবসময় জটিল রান্নার প্রয়োজন নেই। কাঁচা ইলিশের ঝাঁঝালো স্বাদ, কাঁচামরিচ-পেঁয়াজের ঝাল আর সরিষার তেলের ঘ্রাণে তৈরি ‘ইলিশ মাছের কাঁচা মাখা’ হতে পারে বর্ষার দিনে রসনাতৃপ্তির এক অনন্য আয়োজন।
অল্প সময়ে সহজেই তৈরি এই পদটি ভাতের সঙ্গে জমে যায় দারুণ। তাই বর্ষার আমেজে আজই চেখে দেখতে পারেন মুখরোচক ইলিশ মাছের কাঁচা মাখা।
উপকরণ
ইলিশ মাছ ১০ টুকরা (প্রায় ৮০০ গ্রাম-১ কেজি)
পেঁয়াজকুচি ৩ কাপ
কাঁচামরিচ ফালি ১০টি
সর্ষের তেল ৬ টেবিল চামচ
লবণ স্বাদমতো
হলুদগুঁড়া এক চা-চামচ
মরিচগুঁড়া দুই চা-চামচ (স্বাদমতো)
জিরাগুঁড়া এক চা-চামচ
ভাজা জিরাগুঁড়া এক চা-চামচ
যেভাবে তৈরি করবেন
প্রথমে মাছ ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর একটি পাত্রে মাছ নিয়ে তাতে পেঁয়াজকুচি, আধা চা-চামচ করে হলুদ, মরিচ ও জিরাগুঁড়া এবং পরিমাণমতো লবণ মেশান। হাত পরিষ্কার করে মসলাগুলো মাছের সঙ্গে আলতোভাবে মাখিয়ে নিন।
এবার এতে দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে আরও একবার ভালোভাবে মাখান। চুলায় কড়াই বসিয়ে বাকি সর্ষের তেল ঢালুন। তেল গরম হলে আধা চা-চামচ মরিচগুঁড়া দিন। এ সময় আঁচ কম থেকে মাঝারি রাখবেন, কারণ বেশি আঁচে মরিচগুঁড়া পুড়ে যেতে পারে। এরপর মসলা মাখানো মাছ সাবধানে কড়াইয়ে দিয়ে দিন। যে পাত্রে মাছ মাখানো হয়েছিল, সেখানে সামান্য পানি দিয়ে বাকি মসলাগুলো ধুয়ে সেই পানিও কড়াইয়ে ঢেলে দিন।
কড়াইটি হালকা দুলিয়ে মাছের সঙ্গে মসলা মিশিয়ে নিন। ঢাকনা দিয়ে মাঝারি আঁচে ৮ থেকে ৯ মিনিট রান্না করুন। এরপর ঢাকনা খুলে কড়াইটি সাবধানে নেড়ে মাছগুলো উল্টে দিন। এবার ফালি করা কাঁচা মরিচ ছড়িয়ে আঁচ কমিয়ে আরও প্রায় ৫ মিনিট রান্না করুন।
সবশেষে ভাজা জিরাগুঁড়া ছড়িয়ে চুলা থেকে নামিয়ে ঢেকে ৩ মিনিট রেখে দিন। এরপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার ইলিশ মাছের কাঁচা মাখা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়