১৮/০৪/২০২৬, ১৭:০২ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    মোসাদের আরও ৪ গুপ্তচরকে গ্রেফতার করল ইরান

    জেড নিউজ ডেস্ক:

    ইরানের উত্তরাঞ্চলীয় গিলান প্রদেশে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে চার ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

    বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। খবর আলজাজিরার।

    আইআরজিসির গোয়েন্দা সদস্যদের বিশেষ অভিযানে এই চার এজেন্টকে গ্রেফতার করা হয়। ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতারকৃতরা ইন্টারনেটের মাধ্যমে মোসাদ কর্মকর্তাদের কাছে ইরানের স্পর্শকাতর সামরিক ও নিরাপত্তা স্থাপনার ছবি এবং অবস্থানের তথ্য পাঠাতেন। চলমান ইরান-ইসরাইল যুদ্ধের মধ্যেই তারা এই গোয়েন্দা তৎপরতা চালাচ্ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

    ইরানি কর্তৃপক্ষের দাবি, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মোসাদের নির্দেশে দেশের অভ্যন্তরে অস্থিরতা তৈরি এবং সামরিক অবকাঠামো সংক্রান্ত গোপন তথ্য পাচারের কাজ করে আসছিলেন। তবে গ্রেফতারকৃতদের নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি। আইআরজিসি জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় এ ধরনের রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

    ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইলের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই এই গ্রেফতারের ঘটনাটি ঘটল। এর আগেও ইরান বেশ কয়েকবার তাদের পারমাণবিক ও সামরিক কর্মসূচিতে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের জন্য মোসাদকে দায়ী করেছে।

    এর আগে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় দেশজুড়ে অভিযান চালিয়ে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৩৫ ব্যক্তিকে গ্রেফতার করেছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়