জেড নিউজ, ঢাকা:
নন-লাইফ বীমা খাতে শৃঙ্খলা জোরদার, স্বচ্ছতা বৃদ্ধি ও পেশাদারি নিশ্চিত করতে নতুন সার্কুলার জারি করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
সার্কুলারে বলা হয়েছে, নন-লাইফ বীমা খাতে ব্যক্তি বীমা এজেন্টদের লাইসেন্স স্থগিত করা হয়েছে।
ফলে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নন-লাইফ বীমা ব্যবসায় কোনো ব্যক্তি এজেন্টের মাধ্যমে পলিসি বিক্রি করা যাবে না।
বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সুপারিশ, নন-লাইফ বীমা কম্পানিগুলোর সঙ্গে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত এবং ব্যক্তি এজেন্ট লাইসেন্স স্থগিতের প্রস্তাবের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইডিআরএ জানিয়েছে, যেহেতু ব্যক্তি এজেন্টদের কোনো বৈধ লাইসেন্স কার্যকর থাকবে না, তাই কোনো নন-লাইফ বীমা কম্পানি ব্যক্তি এজেন্টকে কমিশন দিতে পারবে না।
একই সঙ্গে বীমা আইন, ২০১০-এর ৫৮(১) ধারা অনুযায়ী, বীমা এজেন্ট ছাড়া অন্য কাউকেও কমিশন বা অন্য কোনো নামে পারিশ্রমিক কিংবা পারিতোষিক দেওয়া যাবে না।
নতুন সার্কুলারে উন্নয়ন কর্মকর্তাদের বেতন-ভাতা প্রদানের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। এতে বলা হয়েছে, উন্নয়ন কর্মকর্তাদের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা সংগৃহীত প্রিমিয়ামের শতকরা হারে নির্ধারণ বা প্রদান করা যাবে না। চুক্তিভিত্তিক নিয়োগ ছাড়া অন্যান্য সব উন্নয়ন কর্মকর্তাকে সংশ্লিষ্ট বীমা প্রতিষ্ঠানের নির্ধারিত পে স্কেল অনুযায়ী নিয়োগপত্র দিতে হবে এবং সে অনুযায়ী নিয়মিত বেতন পরিশোধ করতে হবে।



