spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

কুয়েতে দুই ইতালীয় নিহত, যুদ্ধ উসকে দেওয়ার ছক দেখছে ইরান

জেড নিউজ ডেস্ক:

কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় ইউরোপের যুদ্ধ-সংশ্লিষ্টতার দিকে আঙুল তুলেছে ইরান।

তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এ ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করে ইউরোপীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে আরও গভীরভাবে জড়ানোর চেষ্টা করতে পারে।

তবে ইতালি ও কুয়েতের অভিযোগ, হামলায় ইরানি ড্রোন জড়িত ছিল। ইরান এ অভিযোগ অস্বীকার করেছে।

কাতারভিত্তিক সংবাদামধ্যম আল-জাজিরার শনিবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার কুয়েতের একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলায় নিহত হন ইতালীয় নাগরিক আন্তোনিও সাক্কোচিও (৬৫) ও এমানুয়েল লো রুসো (৩৬)। তারা ইউরোপীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাইনমেটাল ইতালিয়ার হয়ে সেখানে কাজ করছিলেন। কুয়েতের একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডার রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন তারা।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি জানিয়েছেন, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ড্রোন প্রতিহত করার পর ছিটকে আসা ধ্বংসাবশেষের আঘাতে ওই দুই প্রযুক্তিবিদের মৃত্যু হয়।

তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হামলায় তেহরানের সম্পৃক্ততা অস্বীকার করে ঘটনাটিকে ‘ফলস ফ্ল্যাগ’ বা অন্য পক্ষের ওপর দায় চাপানোর উদ্দেশ্যে সাজানো অভিযান বলে অভিহিত করেছেন। তার দাবি, এটি যুদ্ধের বিস্তার ঘটানোর একটি পরিকল্পনা হতে পারে।

ইরানের সামরিক মুখপাত্র আবুলফজল শেখারচিও বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অতীতেও নিজেদের লক্ষ্য অর্জনে এ ধরনের অভিযান চালিয়েছে। তবে হামলার পেছনে কারা রয়েছে, তা এখনও নিশ্চিত হয়নি।

ইরানের কয়েকজন বিশ্লেষক ও রাষ্ট্রঘনিষ্ঠ গণমাধ্যম এ ঘটনায় ইউক্রেনের সংশ্লিষ্টতার অভিযোগও তুলেছে। তাদের দাবি, ইউরোপীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সহায়তা দিয়ে ইতোমধ্যে সংঘাতে ভূমিকা রাখছে।

ন্যাটোর মহাসচিব মার্ক রুটের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত ইউরোপের বিভিন্ন ঘাঁটি থেকে ইরানবিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের প্রায় পাঁচ হাজার সামরিক উড্ডয়ন পরিচালিত হয়েছে। এর মধ্যে ইতালির ঘাঁটি থেকে প্রায় ৫০০টি ফ্লাইট পরিচালিত হয়। তবে ইতালি বলেছে, তারা কেবল নিয়মিত কারিগরি ও সরবরাহসংক্রান্ত সহায়তার অনুমতি দিয়েছে, কোনও যুদ্ধাভিযানের নয়।

এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন ইরানের ওপর চাপ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বিশ্লেষকদের ধারণা, এ ঘটনায় ইরান-ইউরোপ সম্পর্কের আরও অবনতি হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়