১৮/০৪/২০২৬, ১৯:৩৩ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সহযোগিতা আরও সুদৃঢ় করবে বাংলাদেশ

    জেড নিউজ ডেস্ক:

    জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত ফোর্স কমান্ডার ও হেডস অব মিলিটারি কম্পোনেন্টদের সম্মানে এক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে।

    বৃহস্পতিবার এ তথ্য জানায় জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন।

    অনুষ্ঠানটির আয়োজন করেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি জটিল ও চ্যালেঞ্জপূর্ণ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত ফোর্স কমান্ডার ও হেডস অব মিলিটারি কম্পোনেন্টদের দূরদর্শী নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

    তিনি উল্লেখ করেন, তাদের নেতৃত্বে দায়িত্ব পালনরত বাংলাদেশি শান্তিরক্ষীরা জাতির জন্য গৌরব ও মর্যাদা বয়ে আনেন। একইসঙ্গে তিনি শান্তিরক্ষীদের নিরাপত্তা, পেশাদারত্ব ও কার্যকারিতা নিশ্চিতকরণে তাদের অব্যাহত সহযোগিতা ও সহায়তার ভূয়সী প্রশংসা করেন।

    শান্তিরক্ষা কার্যক্রমে আত্মোৎসর্গকারী শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে রাষ্ট্রদূত বলেন, তাদের ত্যাগ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

    তিনি জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে বাংলাদেশের অবদান আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন মিশনের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ গোলাম রাব্বানী। তিনি উপস্থিত সব অতিথিকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানটি সমাপ্ত করেন।

    অনুষ্ঠানে জাতিসংঘের শান্তিরক্ষাবিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়া, অপারেশনাল সাপোর্টবিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল অতুল খারে, অফিস অব মিলিটারি অ্যাফেয়ার্সের ভারপ্রাপ্ত মিলিটারি অ্যাডভাইজার লেফটেন্যান্ট জেনারেল শেরিল পিয়ার্সসহ বিভিন্ন দেশের ফোর্স কমান্ডার, জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কূটনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়