জেড নিউজ, ঢাকা:
ইরানে যুদ্ধ বিরতির খবরে বিশ্বজুড়ে শেয়ারবাজারে স্বস্তির হাওয়া বইছে। এর ইতিবাচক প্রভাব শুধু জ্বালানি তেলের বাজার নয়, দেশে দেশে যে অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা কাটিয়ে ওঠার আশা দেখছেন বিনিয়োগকারীরা। এর প্রভাবে পূর্ব থেকে পশ্চিমের সব দেশের সব শেয়ারবাজার বেড়েছে। বাংলাদেশের শেয়ারবাজারও ব্যতিক্রম নয়।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারদর, সূচক ও লেনদেনে বেশ তেজিভাব দেখা গেছে। লেনদেনযোগ্য ৯৪ শতাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছে। মূল্য সূচক বেড়েছে ৩ দশমিক ১২ শতাংশ। এ বৃদ্ধি গত ১৯ মাসের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উত্থান। এ সময়ের সর্বোচ্চ উত্থান হয়েছিল গত ১৫ ফেব্রুয়ারি। দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে দেশে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পর ওই উত্থান হয়েছিল।
যুদ্ধ শুরুর আগে গত ২৬ ফেব্রুয়ারি সূচকটি ৫৬০০ পয়েন্টে ছিল, যা ৮ মার্চ ৫০০০ পয়েন্ট পর্যন্ত নেমে যায়। গতকালের ১৬৭ পয়েন্ট বাড়ার পরও যুদ্ধ শুরুর আগের অবস্থান থেকে এখন সূচক ২৮২ পয়েন্ট বা ৫ শতাংশ পিছিয়ে আছে।
শুধু শেয়ারদর বা সূচক নয়, লেনদেনও উল্লেখযোগ্য পরিমাণ বেড়েছে। মঙ্গলবার লেনদেনের প্রথম ঘণ্টায় যেখানে ১৬১ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছিল, তা গতকাল বেড়ে ৩৭৯ কোটি টাকা ছাড়ায়। শেষ পর্যন্ত ৯৯১ কোটি টাকার বেশি শেয়ার কেনাবেচা হয়।



