৩০/০৩/২০২৬, ১৯:১১ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    বিয়ের পর নারীরা চুড়ি না পরলে কি স্বামীর অমঙ্গল হয়?

    জেড নিউজ, ঢাকা :

    আমাদের দেশে এ রকম ধারণা প্রচলিত আছে যে, বিয়ের পর মেয়েরা চুড়ি, নাকফুল না পরলে অমঙ্গল হয়, স্বামীর ক্ষতি হয় বা আয়ু কমে যায়। তাই বিয়ের পরে স্ত্রীর সব সময় চুড়ি ও নাকফুল পরে থাকা বাধ্যতামূলক মনে করা হয়।

    ইসলামের দৃষ্টিতে এ রকম ধারণা ভ্রান্ত, মনগড়া কুসংস্কার। কারো এ রকম বিশ্বাস থাকলে তা পরিত্যাগ করা আবশ্যক। আল্লাহ তায়ালা প্রত্যেকের আয়ু নির্দিষ্ট করে রেখেছেন। নির্ধারিত সময়ের আগে বা পরে কারো মৃত্যু হবে না।

    ইসলামে নারীদের জন্য চুড়ি, নাকফুল, কানের দুল, গলার হার বা চেইন ইত্যাদি অলংকার পরিধান করা জায়েজ। আরবে জাহেলি যুগ থেকে নারীদের এ রকম অলংকার পরার প্রচলন ছিল। ইসলামও এই প্রচলন অনুমোদন করেছে। নবীজি (সা.) নারীদের অলংকার পরিধান করতে নিষেধ করেননি।

    আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন, নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এক ইদের দিন বের হলেন এবং দুই রাকাত নামাজ পড়লেন। আগে-পরে কোনো নামাজ পড়লেন না। তারপর বেলালকে (রা.) সঙ্গে নিয়ে নারীদের কাছে গেলেন। তাদেরকে উপদেশবাণী শোনালেন এবং সদকা করতে উৎসাহ দিলেন। তখন নারীরা তাদের কানের দুল এবং হাতের চুড়ি খুলে দিতে লাগলেন। (সহিহ বুখারি: ১৪৩১)

    এ হাদিস থেকে বোঝা যায় নারী সাহাবিরা কানে দুল ও হাতে চুড়ি পরতেন। নবীজি (সা.) তা অনুমোদন করেছেন। তাই এসব অলংকার পরিধান করা নিষিদ্ধ নয়।

    তবে ইসলামে নারীদের অলংকার পরিধান করাকে আবশ্যক করা হয়নি। অলংকার পরিধান করতে উৎসাহও দেয়া হয়নি, এটাকে ফজিলতপূর্ণ বা মুস্তাহাবও বলা হয়নি। নারীরা তাদের ইচ্ছা ও রুচি অনুযায়ী অলংকার পরিধান করতে পারেন, নাও করতে পারেন। অলংকার পরিধানের জন্য নাক-কান ফোঁড়াতে পারেন, নাও ফোঁড়াতে পারেন। এ ক্ষেত্রে নিষেধাজ্ঞা নেই, নির্দেশ বা উৎসাহও নেই।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়