১২/০৩/২০২৬, ২৩:২৪ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    হবিগঞ্জ জেলা কারাগারে বন্দির মৃত্যু:পরিবারের দাবি হত্যা

    জেডনিউজ
    হবিগঞ্জ জেলা কারাগারে রাসেল মিয়া (২৭) নামে এক বন্দির মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষের দাবি, জ্বরের কারণে খিঁচুনি হয়ে তার মৃত্যু হয়েছে। তবে পরিবারের অভিযোগ, রাসেলকে কারাগারের ভেতরে হত্যা করা হয়েছে।

    রাসেল মিয়া নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের আতিক মিয়ার ছেলে। গত ৫ জানুয়ারি থেকে একটি হত্যা মামলায় তিনি কারাগারে বন্দি ছিলেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হবিগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

    কারা কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রাসেল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারাগারের স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে হবিগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ছেলের মৃত্যুর খবর পেয়ে গতকাল বিকেলে কারাগারে ছুটে আসেন বাবা আতিক মিয়া ও পরিবারের অন্য সদস্যরা। আতিক মিয়া অভিযোগ করেন, তার ছেলেকে কারাগারের ভেতরেই মেরে ফেলা হয়েছে।

    তিনি বলেন, আমার ছেলে কারাগারে সুস্থ ছিল। মঙ্গলবার রাতেও ফোনে মায়ের সঙ্গে কথা বলেছে, জানিয়েছে সে ভালো আছে। অথচ হঠাৎ শুনলাম সে মারা গেছে।

    হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফাইকা রহমান জানান, ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

    অন্যদিকে, হবিগঞ্জ জেলা কারাগারের জেলার মো. বিলাল উদ্দিন জানান, রাসেল বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন। কারাগারের হাসপাতালেই তার চিকিৎসা চলছিল। সকালে জ্বরের কারণে হঠাৎ খিঁচুনি শুরু হলে তিনি মারা যান।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়