জেড নিউজ প্রতিবেদন:
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফিরোজ সরকারকে সচিব পদে পদোন্নতি দিয়ে খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। ৩০ নভেম্বর দুপুর বেলা জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ কথা জানা গেছে। গত অক্টোবর মাসে তিনি খুলনার বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে জনপ্রশাসন মন্ত্রণালয় অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
খুলনা বিভাগীয় কমিশনারের পদ থেকে তাকে যখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে প্রদান করা হয় তখন সচিবালয়ে কানাঘুষা চলছিল তিনি এপিডি হচ্ছেন। কিন্তু পরবর্তীতে তাকে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করতে হয়। সবশেষে গতকাল রোববার তাকে পদোন্নতি দিয়ে খাদ্য সচিব পদে পদায়ন করা হলো।
বলা হয়ে থাকে ফিরোজ সরকার একজন গতিশীল নেতৃত্বের কর্মকর্তা যিনি মাঠ পর্যায়ে থেকে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন। তারই ধারাবাহিকতায় এখন তিনি প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন যেখানে তার পূর্ববর্তী অভিজ্ঞতা কাজে লাগবে। তিনি বিসিএস ১৫তম ব্যাচের কর্মকর্তা।
খাদ্য মন্ত্রণালয়ের বর্তমান সচিব মো. মাসুদুল হক সোমবার (১ ডিসেম্বর) অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন।
প্রসঙ্গত গত বছরের অক্টোবরে খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মাসুদুল হাসান। তিনি বিসিএস ১১তম ব্যাচের সদস্য। আওয়ামী লীগ সরকারের শাসনামলে তিনি পরপর তিনবার পদোন্নতি বঞ্চিত ছিলেন।



