spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ইউএনওদের প্রথম জাতীয় সম্মেলন ১ ডিসেম্বর

জেড নিউজ ডেস্ক : 

জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের আদলে প্রথমবারের মতো উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সম্মেলন। আগামী পহেলা ডিসেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের মূল পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‘প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ’ শিরোনামে আয়োজিত এ সম্মেলনে দেশের ৫০৩ জন উপজেলা নির্বাহী কর্মকর্তার অংশ নেওয়ার কথা রয়েছে। এ ছাড়া দেশের আট বিভাগের ৮ জন বিভাগীয় কমিশনার সম্মেলনে উপস্থিত থাকবেন।

মাঠ প্রশাসনকে আরো সক্রিয়, জবাবদিহিমূলক ও জনবান্ধব করে তোলা এবং উপজেলা পর্যায়ে সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্ত ও অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে ইউএনওদের ভূমিকা শক্তিশালী করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জেলা প্রশাসকদের নিয়ে নিয়মিত সম্মেলন আয়োজন করা হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিয়ে এ ধরনের জাতীয় পর্যায়ের সম্মেলন এবারই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উপজেলা পর্যায়ে সরকারের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন, আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ইউএনওরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

মাঠ প্রশাসনের এই গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে সরকারের নীতিগত অগ্রাধিকার ও বাস্তবায়নসংক্রান্ত নির্দেশনা পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে এ সম্মেলনে।

সম্মেলনের দিন সকাল ৯টায় মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি দিনের কর্মসূচি উদ্বোধন করবেন। এরপর বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়ের কর্ম অধিবেশন অনুষ্ঠিত হবে।
এসব অধিবেশনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা ও সচিবরা অংশ নিয়ে উপজেলা পর্যায়ে বাস্তবায়নাধীন বিভিন্ন কর্মসূচি, প্রশাসনিক কার্যক্রম এবং জনসেবা সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে ইউএনওদের সঙ্গে মতবিনিময় করবেন। দিনব্যাপী কর্ম অধিবেশনে মাঠ প্রশাসনের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সম্মেলনের মূল পর্ব সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনওদের সরাসরি মতবিনিময়ের মাধ্যমে শুরু হবে। এ পর্বে মাঠ প্রশাসনের কর্মকাণ্ড নিয়ে একটি ভিডিও প্রদর্শন করা হবে।

সম্মেলনে দেশের ২০ জন শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পুরস্কৃত করার পরিকল্পনা রয়েছে। বিভাগভিত্তিক নির্বাচনের মাধ্যমে এ কর্মকর্তাদের সম্মাননা দেওয়া হবে। ঢাকা বিভাগ থেকে চারজন, চট্টগ্রাম বিভাগ থেকে চারজন এবং দেশের বাকি ছয় বিভাগ থেকে দুজন করে মোট ২০ জন ইউএনওকে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হবে।

প্রধানমন্ত্রী তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেবেন। এ ছাড়া প্রতি বিভাগ থেকে দুজন করে ইউএনও প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়