বছরব্যাপী প্রতীক্ষার প্রহর শেষে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় আয়োজন- ‘শারদীয় দুর্গোৎসব। হিন্দু শাস্ত্রমতে দুষ্টের বিনাশ ও সৃষ্টের পালন করতে বছর ঘুরে আবারো দুর্গতিনাশিনী দশভুজা ‘মা দুর্গা’এসেছেন ধরায়।
আজ ষষ্ঠী। ঢাক, কাঁসর, ঘণ্টা, শঙ্খ আর উলুর ধ্বনির মাধ্যমে বেল গাছের নিচে ঘটে পূজার মধ্য দিয়ে শুরু হয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। এরপর একে একে কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজার মাধ্যমে শুরু হয় এবারের দূর্গোৎসব। অধিবাসনের মাধ্যমে আমন্ত্রণ জানানো হয় দেবীকে।
পূজাকে ঘিরে এরই মধ্যে মণ্ডপগুলোতে লেগেছে উৎসবের আমেজ। ঢাকার অন্যতম প্রাচীন পূজামণ্ডপ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল ১০টার দিকে ষষ্ঠীপূজা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় আমন্ত্রণ অধিবাস। সকাল থেকেই দলে দলে দর্শনার্থী ও ভক্তরা মন্ডপে এসে পুজা দিচ্ছেন দেবীকে। একই সাথে সমগ্র দেশবাসীর কল্যাণে করছেন প্রার্থনা। এবার ঢাকায় মোট ২৫৯ টি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। আর সারাদেশে মোট মণ্ডপের সংখ্যা ৩৩ হাজার ৩৫৫টি।
এদিকে পূজাকে কেন্দ্র করে মন্ডপগুলোতে নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। মন্দিরগুলোতে বসানো হয়েছে সিসিটিভি। পুলিশ, র্যাব এর পাশাপাশি সীমান্ত ও ঝুকিপূর্ন এলাকাগুলোতে রয়েছে বিজিবির নিয়মিত টহল। পূজাকে কেন্দ্র করে মোট ৪৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে সারাদেশে।
আগামী ২রা অক্টোবর দশমীর সন্ধ্যায় বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি হবে এবারের দুর্গোৎসবের।
জেড নিউজ, ঢাকা।



