কুমিল্লায় বিএনপির সম্মেলনে তারেক রহমান
ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে জনগণ যেভাবে চায় আমাদের ঠিক সেভাবেই চলতে হবে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী দিনে দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে। সেই গুপ্ত স্বৈরাচার থেকে মানুষকে রক্ষা করতে হবে। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ গঠন করতে হবে। এর কোনো বিকল্প নেই। এটাই হোক আমাদের আগামী দিনের প্রতিজ্ঞা। এটাই হোক আমাদের শপথ। শনিবার বিকালে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, জনগণই হচ্ছে সব ক্ষমতার উৎস। তাই জনগণকে আমাদের সঙ্গে রাখতে হবে। জনগণ যেভাবে চায় আমাদের ঠিক সেভাবেই চলতে হবে। জনগণের সঙ্গে ভালো আচরণ করতে হবে। তাদের প্রত্যাশা পূরণ করতে হবে। আমাদের একটাই লক্ষ্য সবার আগে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের স্বার্থ সেখানেই জাতীয়তাবাদী দল বিএনপি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বক্তব্য অনেক হয়েছে। এখন আমাদের অনেক কাজ করতে হবে। আজকে একটি শপথ নিতে হবে। ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে হবে। দেশের সব গণতন্ত্রকামী রাজনৈতিক সমমনা দলগুলোকে নিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, দেশকে যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী পুনর্গঠন করতে হয় তাহলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা ঐক্যবদ্ধ আছেন বলেই এত সুন্দর একটি সম্মেলন সম্ভব হয়েছে। দেশটি হচ্ছে আপনার আমার সবার ঘর। এই ঘরে ডাকাত পড়েছিল গত ১৬ বছর।
তারেক রহমান বলেন, দু-তিনজনের টিম গঠন করে জনগণের দ্বারে দ্বারে যেতে হবে। প্রত্যেকের ঘরে ঘরে যেতে হবে। সবার কাছে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইতে হবে। আমরা কীভাবে দেশ গঠন করব। কীভাবে শিক্ষাব্যবস্থা গড়ে তুলব। কীভাবে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করব, কীভাবে উন্নয়ন করব সেই বিষয়গুলো জনগণের কাছে তুলে ধরতে হবে। আমাদের একটি লক্ষ্য হবে-ঐক্য ও জনগণকে নিয়ে দেশ গঠন।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজি আমিনুর রশীদ ইয়াছিন, মনিরুল হক চৌধুরী, কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।
সালাহউদ্দিন আহমদ বলেন, যারা একটি কিতাব নিয়ে বাংলাদেশের ঘরে ঘরে যাচ্ছে, তারা জান্নাতের টিকিট বিক্রি করতে চায়। যারা জান্নাতের টিকিট বিক্রি করছে তারা ধর্ম ব্যবসায়ী। এই দেশে ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না। তিনি বলেন, একাত্তরের চেতনার ব্যবসা করতে করতে শেখ হাসিনা শেষ পর্যন্ত দিল্লিতে আশ্রয় নিয়েছে। জুলাই চেতনা যেন কেউ বিক্রি করতে না পারে। আমরা সবাই জুলাই যোদ্ধা। সালাহউদ্দিন আহমদ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে। বাংলাদেশে গণতন্ত্র যেন কার্যকর না হয় সেজন্য বহু ষড়যন্ত্র হতে পারে। এ দেশে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। তিনি বলেন, কেউ কেউ বলছে সংস্কার না হলে নির্বাচন হবে না। এটা না হলে ওটা না হলে নির্বাচন হবে না। কিন্তু দেশের মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত। আমাদের কাছে সবার আগে বাংলাদেশ।



