নাটোর প্রতিনিধি:
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশে নির্বাচনের আমেজ শুরু হয়েছে। আমরা আশাবাদী ফেব্রুয়ারি মাসে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।’বুধবার (১০ ডিসেম্বর) সকালে নাটোরে মডেল মসজিদের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
উপদেষ্টা বলেন, হজ্ব ব্যবস্থাপনাকে সহজীকরণ করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। যেখানে সিন্ডিকেট কাজ করতে পারবে না। মন্ত্রণালয়ের বিজ্ঞ কর্মকর্তাবৃন্দ সবাই স্বচ্ছতার সাথে কাজ করে যাচ্ছে। এখানে দুই নাম্বারী সিন্ডিকেট করে হাজীদেরকে জিম্মি করার প্রবণতা ছিল এটা আমরা জিরো পয়েন্টে নিয়ে এসেছি। গত বছর আমি ৮ কোটি ২৮ লক্ষ টাকা হাজিদের ফেরত দিয়েছি এবং এই বছরও ফেরত দিতে পারব।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল ওহাব, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ মুক্তাদির আরেফিন, নাটোর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আবুল কাশেম প্রমুখ।
এরপর সদর উপজেলা মডেল মসজিদ ও গুরুদাসপুর উপজেলা মডেল মসজিদ উদ্বোধন করেন।জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৭ কোটি ৫৫ লক্ষ টাকা।নাটোর সদর উপজেলার জন্য ব্যয় হয়েছে প্রায় ১৪ কোটি ৪০ লক্ষ টাকা এবং গুরুদাসপুর উপজেলার জন্য ব্যয় হয়েছে ১৪ কোটি ৮২ লক্ষ টাকা।



