জেড নিউজ , ডেস্ক :
বক্স অফিসে ‘আওয়ারাপন টু’ সিনেমার সাফল্যের মধ্যেই দুঃসংবাদ পেলেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। ভাইরাসবাহিত সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন তিনি। কয়েক দিন ধরে অসুস্থ থাকার পর মুম্বাইয়ে করা পরীক্ষায় তার শরীরে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। আপাতত চিকিৎসকের পরামর্শে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন অভিনেতা।
কাজের প্রয়োজনে সম্প্রতি ভারতের রাঁচিসহ কয়েকটি শহরে সফর করেছিলেন ইমরান। মুম্বাই ফেরার পরপরই অসুস্থ হয়ে পড়েন তিনি। শারীরিক অসুস্থতার কারণে ব্যাঙ্গালুরুতে ‘আওয়ারাপন টু’র বিশেষ প্রদর্শনীতেও অংশ নিতে পারেননি। এ জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেছেন অভিনেতা।
তবে ইমরানের অসুস্থতার খবরের মধ্যেও বক্স অফিসে থামেনি ‘আওয়ারাপন টু’র দৌড়। স্বাধীনতা দিবসে মুক্তির পর সিনেমাটি এখন পর্যন্ত ভারতের বাজারে ৪০ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। মুক্তির প্রথম দিনেই ছবিটি ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘আওয়ারাপন’-এর পুরো সময়ের আয়ের রেকর্ড ছাড়িয়ে যায়।
শুধু তাই নয়, প্রথম শনিবারের মধ্যেই ইমরান হাশমির আগের সফল সিনেমা ‘হক’, ‘রাজ টু’, ‘এক থি ডাইন’ ও ‘জন্নাত’-এর মোট ব্যবসাকেও পেছনে ফেলেছে ‘আওয়ারাপন টু’। বক্স অফিসে সানি দেওলের ‘বাটোয়ারা ১৯৪৭’-এর চেয়েও এগিয়ে রয়েছে সিনেমাটি।
২০০৭ সালের জনপ্রিয় ক্রাইম-থ্রিলার ‘আওয়ারাপন’-এর সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে ‘আওয়ারাপন টু’। বিশেশ ফিল্মসের ব্যানারে বিশেশ ভাটের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন নিতিন কক্কর। এতে ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি। দীর্ঘদিন পর পুরোনো পরিচিত আবহে ইমরান হাশমির পর্দায় ফেরা দর্শক ও ভক্তদের কাছ থেকে বেশ প্রশংসা পাচ্ছে।





