জেড নিউজ ডেস্ক :
বাংলাদেশের বঙ্গোপসাগর শুধু মাছের ভাণ্ডার নয়, এটি অসংখ্য বিরল ও বিপন্ন সামুদ্রিক প্রাণীরও গুরুত্বপূর্ণ আবাসস্থল। বিশালাকার তিমি হাঙর, ডলফিন, তিমি, সামুদ্রিক কচ্ছপ ও বিভিন্ন প্রজাতির বা শাপলাপাতা মাছ—এসব প্রাণী সমুদ্রের জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু মাছ ধরার জালে আটকা পড়া, নির্বিচার শিকার এবং সামুদ্রিক পরিবেশের পরিবর্তনের কারণে এসব প্রাণীর অস্তিত্ব আজ হুমকির মুখে। এমন বাস্তবতায় বাংলাদেশের কিছু জেলে এখন শুধু মাছ শিকারিই নন; তারা হয়ে উঠছেন সমুদ্রের জীববৈচিত্র্যের রক্ষকও।
সমুদ্রের গভীরে বিচরণ করা প্রাণীদের মধ্যে তিমি হাঙর অন্যতম বিস্ময়কর। বিশাল আকৃতির কারণে প্রথম দেখায় ভয়ংকর মনে হলেও প্রকৃতিতে এরা অত্যন্ত শান্ত স্বভাবের। এ কারণেই বিশ্বের বৃহত্তম এ মাছকে বলা হয় সমুদ্রের ‘শান্ত বা দয়ালু দৈত্য’ (জেন্টল জায়ান্ট)। প্রতি বছর ৩০ আগস্ট বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক তিমি হাঙর দিবস। সমুদ্রের এ অনন্য প্রাণীর অস্তিত্ব রক্ষা, এর আবাসস্থল সংরক্ষণ এবং মানুষের কর্মকাণ্ডের কারণে তৈরি হওয়া হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতেই দিবসটি পালন করা হয়।





