জেড নিউজ, ঢাকা:
অনেকে চিংড়ি মাছের মালাইকারি, ভুনা কিংবা বিভিন্ন মুখরোচক পদ পছন্দ করেন। কিন্তু রান্না যত ভালোই হোক, চিংড়ি যদি টাটকা না হয়, তাহলে স্বাদ যেমন নষ্ট হবে, তেমনি বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকিও। বাজারে অনেক সময় টাটকা বলে দীর্ঘদিন হিমঘরে রাখা বা মানহীন চিংড়ি বিক্রি করা হয়।
তাই বিক্রেতার কথার ওপর ভরসা না করে কয়েকটি সহজ লক্ষণ দেখে নিজেই চিংড়ির মান যাচাই করা জরুরি। সঠিক উপায় জানলে মাছ কিনতে পারলে ঠকে যাওয়ার আশঙ্কা অনেকটাই কমে যাবে।
খোসা শক্ত ও চকচকে হবে
টাটকা চিংড়ির সবচেয়ে বড় লক্ষণ হলো এর খোসা। ভালো চিংড়ির খোসা শক্ত, টানটান এবং স্বাভাবিকভাবে চকচকে থাকবে। হাতে নিলে যদি খোসা নরম লাগে বা শরীর স্পঞ্জের মতো চেপে যায়, তাহলে বুঝবেন মাছটি তাজা নয়। এমন চিংড়ি না কেনাই ভালো।
মাথা ও শরীর শক্তভাবে লাগানো থাকবে
চিংড়ির মাথা এবং শরীরের সংযোগ ভালোভাবে দেখে নিন। টাটকা চিংড়ির মাথা শরীরের সঙ্গে শক্তভাবে লেগে থাকে। যদি মাথা আলগা হয়ে যায়, ঝুলে থাকে বা সামান্য টান দিতেই খুলে আসে, তাহলে সেটি বাসি হওয়ার লক্ষণ হতে পারে।
রঙে থাকবে প্রাকৃতিক উজ্জ্বলতা
চিংড়ির রং অনেক কিছু বলে দেয়। গলদা চিংড়ির মাথা ও লেজে সাধারণত হালকা নীলচে-সবুজ বা ধূসর আভা দেখা যায়। আর বাগদা চিংড়ির গায়ে কালো ও হলুদ ডোরাকাটা দাগ স্পষ্ট থাকে। যদি গায়ে অস্বাভাবিক কালচে, বাদামি বা লালচে ছোপ দেখা যায়, তাহলে মাছটি পচতে শুরু করেছে বা দীর্ঘদিন সংরক্ষণে ছিল, এমন সম্ভাবনা থাকে।
শরীরের আকৃতি দেখুন
টাটকা চিংড়ি সাধারণত ইংরেজি সি অক্ষরের মতো হালকা বাঁকানো থাকে। যদি চিংড়ি একেবারে সোজা ও শক্ত হয়ে থাকে, তাহলে সেটি দীর্ঘদিন সংরক্ষিত বা অতিরিক্ত প্রক্রিয়াজাত হওয়ার ইঙ্গিত হতে পারে। যদিও শুধু এই একটি লক্ষণ দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, তবে অন্য লক্ষণগুলোর সঙ্গে মিলিয়ে দেখলে ধারণা পাওয়া যায়।
গন্ধই বলে দেবে টাটকা কিনা
মাছ কেনার সময় শুধু চোখ নয়, নাকও ব্যবহার করুন। টাটকা চিংড়ির গায়ে হালকা নোনতা, সমুদ্র বা নদীর স্বাভাবিক গন্ধ থাকবে। কিন্তু যদি অ্যামোনিয়ার মতো ঝাঁঝালো, টক বা তীব্র আঁশটে গন্ধ পাওয়া যায়, তাহলে সেই চিংড়ি না কেনাই নিরাপদ।
হিমায়িত চিংড়ি কিনলেও সতর্ক থাকুন
বর্তমানে অনেকেই ফ্রোজেন বা হিমায়িত চিংড়ি কিনে থাকেন। সেক্ষেত্রে প্যাকেটের ভেতরে অতিরিক্ত বরফ জমে থাকলে বা মাছের গায়ে বরফের মোটা আস্তরণ থাকলে সতর্ক হন। এটি বারবার গলানো ও পুনরায় জমিয়ে রাখার লক্ষণ হতে পারে, যা মাছের স্বাদ ও মান দুইটাই কমিয়ে দেয়।
কেনার পরও যত্ন জরুরি
চিংড়ি কেনার পর দীর্ঘ সময় বাইরে না রেখে যত দ্রুত সম্ভব ফ্রিজে সংরক্ষণ করুন। রান্নার আগে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। দীর্ঘ সময় কাঁচা অবস্থায় বাইরে রেখে দিলে ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পেতে পারে। চিংড়ির পদ উপভোগ করতে চাইলে শুরুতেই টাটকা মাছ বেছে নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ।
কয়েকটি সহজ লক্ষণ মনে রাখলেই বাজারে ভালো চিংড়ি চিনে কেনা সহজ হবে। এতে শুধু রান্নার স্বাদই বাড়বে না, খাদ্যজনিত স্বাস্থ্যঝুঁকিও অনেকটাই কমবে।





