জেড নিউজ, ঢাকা:
চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় পাহাড়ধসে মাটিচাপা পড়ে সুমাইয়া আক্তার (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) টানা ভারী বর্ষণের মধ্যে নগরের ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের স্টেশনসংলগ্ন মুক্তিযোদ্ধা পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবল বৃষ্টির সময় পাহাড়ের একটি অংশ ধসে পড়লে সুমাইয়া মাটিচাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবকেরাও অংশ নেন। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ও ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের নেতৃত্বে একটি দল উদ্ধারকাজে সহযোগিতা করে।
দীর্ঘ চেষ্টা শেষে সুমাইয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টানা ভারী বর্ষণের কারণে চট্টগ্রামের পাহাড়ঘেঁষা এলাকাগুলোতে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় জেলা প্রশাসন ও সিটি করপোরেশন ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জোন-৪ এর উপসহকারী পরিচালক শাহ ইমরান বলেন, দুপুর ১২টা ৪৮ মিনিটে পাহাড়ধসের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
দুর্ঘটনার সময় ঘরে থাকা সুমাইয়ার মা-বাবা বের হয়ে যেতে সক্ষম হন। তবে পাশের কক্ষে থাকা সুমাইয়া বের হতে পারেনি। পরে পাহাড়ধসে মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।





