spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে এগিয়ে রেবেকা গ্রিনস্প্যান

জেড নিউজ ডেস্ক:

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট রেবেকা গ্রিনস্প্যান। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের চতুর্থ দফার অনানুষ্ঠানিক ভোটে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছেন তিনি। সংশ্লিষ্ট প্রক্রিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে গোপন ভোট অনুষ্ঠিত হয়। এতে গ্রিনস্প্যান ১০টি ‘সমর্থন’, তিনটি ‘বিরোধিতা’ এবং দুটি ‘মতামত নেই’ ভোট পেয়েছেন।

গায়ানার জাতিসংঘবিষয়ক রাষ্ট্রদূত ক্যারোলিন রদ্রিগেস-বিরকেট পেয়েছেন আটটি ‘সমর্থন’, ছয়টি ‘বিরোধিতা’ এবং একটি ‘মতামত নেই’ ভোট। অন্যদিকে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি পেয়েছেন আটটি ‘সমর্থন’ এবং সাতটি ‘বিরোধিতা’ ভোট।

এ নিয়ে জুলাই ও সেপ্টেম্বরে অনুষ্ঠিত প্রথম ও তৃতীয় দফার ভোটেও গ্রিনস্প্যান সামান্য ব্যবধানে এগিয়ে ছিলেন। তবে আগস্টে অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে শীর্ষে ছিলেন রদ্রিগেস-বিরকেট।

চলতি মাসে চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর পর জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে এখন সাতজন প্রার্থী রয়েছেন। বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের দুই মেয়াদের দায়িত্বের মেয়াদ এ বছরের শেষ দিকে শেষ হবে।

নতুন মহাসচিবকে একাধিক যুদ্ধ, যুক্তরাষ্ট্রের জাতিসংঘে অর্থায়ন কমে যাওয়া এবং বিশ্ব রাজনীতিতে জাতিসংঘের প্রভাব কমে যাওয়ার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বলে জানিয়েছে রয়টার্স।

তবে শেষ পর্যন্ত প্রার্থী বাছাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ফ্রান্স ও যুক্তরাজ্য। তাদের সম্মতি পাওয়ার পর নিরাপত্তা পরিষদ ১৯৩ সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদের কাছে একজন প্রার্থীকে সুপারিশ করবে। এরপর সাধারণ পরিষদ সেই প্রার্থীকে অনুমোদন দেবে বলে দীর্ঘদিন ধরে প্রত্যাশা করা হচ্ছে।

জাতিসংঘের ৮০ বছরের বেশি ইতিহাসে এখন পর্যন্ত কোনো নারী মহাসচিবের দায়িত্ব পাননি। প্রার্থীদের নিয়ে নিরাপত্তা পরিষদের অনানুষ্ঠানিক ভোট আরও কয়েক দফা চলতে পারে। এসব ভোটে সদস্যদের গোপন ব্যালটে প্রার্থীদের বিষয়ে ‘সমর্থন’, ‘বিরোধিতা’ অথবা ‘মতামত নেই’ এই তিন ধরনের অবস্থান জানাতে বলা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়