জেড নিউজ, ঢাকা:
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। তাকে এখন তরল খাবার দেয়া হচ্ছে। শয্যাপাশে থাকা স্বজন কিংবা চিকিৎসকদের ডাকে মাঝেমধ্যে সাড়া দিচ্ছেন। কথা বলার চেষ্টাও করছেন। মেডিকেল বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।
চিকিৎসকরা জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার নতুন করে অবনতি হয়নি। বেশকিছু পরীক্ষা-নিরীক্ষাও করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী অক্সিজেন গ্রহণ কিছুটা ভালো। শারীরিক অবস্থার আরো কিছুটা উন্নতি হলে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়া সম্ভব হবে।
এদিকে চীনের একটি চিকিৎসক প্রতিনিধি দলের আজ ঢাকায় আসার কথা রয়েছে। খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেয়ার পাশাপাশি তারা চিকিৎসাসেবা ও পরামর্শ দেবেন বলে জানা গেছে দলীয় সূত্রে।
দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর রাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।চিকিৎসকরা জানিয়েছেন, তার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। তিনদিন ধরে তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়ে আসছেন দলটির নেতারা। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার বিষয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা সিদ্ধান্ত জানানোর পর সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।
রাজধানীর এভারয়ার কেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা খালেদা জিয়া এখন মাঝেমধ্যেই সাড়া দিচ্ছেন। গত তিন-চারদিনের চেয়ে এ পরিস্থিতিকে আশাব্যঞ্জক বলে মনে করছেন চিকিৎসকরা।



