জেড নিউজ স্পোর্টস:
অসুস্থতা নিয়েই কোর্টে নেমেছিলেন নোভাক জকোভিচ। লড়াইও করেছেন শেষ পর্যন্ত। কিন্তু শরীর সায় না দেওয়ায় ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই থেমে গেল ২৪ গ্র্যান্ড স্লামজয়ী তারকার অভিযান। পাঁচ সেটের রুদ্ধশ্বাস লড়াইয়ে আর্জেন্টিনার মারিয়ানো নাভোনের কাছে হেরে কোর্ট ছাড়েন তিনি।
বিশ্ব র্যাঙ্কিংয়ে ৪৮ নম্বরে থাকা নাভোনে জকোভিচকে হারিয়েছেন ৭-৬ (৭/৫), ৫-৭, ৪-৬, ৬-২, ৬-১ গেমে। এর মধ্য দিয়ে রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের জকোভিচের স্বপ্নও আপাতত থেমে গেল।
শুধু টুর্নামেন্ট থেকেই নয়, এই হারে জকোভিচের দীর্ঘ এক রেকর্ডও শেষ হয়েছে। গ্র্যান্ড স্লামের প্রথম রাউন্ডে টানা ৭৮ ম্যাচ জয়ের পর হারলেন তিনি। ২০০৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনে পল গোল্ডস্টেইনের কাছে হারের পর থেকে প্রথম রাউন্ডে আর হারেননি সার্বিয়ান তারকা।
তবে নাভোনের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই শারীরিক সমস্যায় ভুগেছেন জকোভিচ। একপর্যায়ে কোর্টেই বমি করতে দেখা যায় তাকে। ম্যাচের শেষ দিকে পায়েও টান ধরেছিল। চতুর্থ সেটে ঘুরে দাঁড়িয়ে জয়ের সম্ভাবনা তৈরি করলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেননি তিনি।
চতুর্থ সেটে নাভোনের সার্ভিস ভেঙে ২-১ গেমে এগিয়ে গিয়েছিলেন জকোভিচ। কিন্তু এরপর টানা পাঁচটি গেম জিতে সেটটি নিজের করে নেন আর্জেন্টাইন তারকা। পঞ্চম সেট শুরুর আগে চিকিৎসা বিরতিও নেন জকোভিচ। এ সময় তার মেরুদণ্ডে ম্যাসাজ দেওয়ার পাশাপাশি ওষুধও দেওয়া হয়।
তাতেও শেষ রক্ষা হয়নি। নির্ধারক সেটে শুরুতেই ৩-০ ব্যবধানে এগিয়ে যান নাভোনে। এরপর আর ম্যাচে ফিরতে পারেননি জকোভিচ। শেষ পর্যন্ত ৬-১ গেমে সেট জিতে ক্যারিয়ারের অন্যতম বড় জয় তুলে নেন আর্জেন্টাইন এই টেনিস খেলোয়াড়।
ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে পারেননি জকোভিচ। কোর্ট ছাড়ার সময় চোখে পানি দেখা যায় ২৪ গ্র্যান্ড স্লামজয়ী তারকার।




