spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনী সমন্বিতভাবে কাজ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

জেড নিউজ, ঢাকা:

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি, এসআরবিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে আনসারও সমন্বিতভাবে কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, অপারেশন ক্লিন হার্ট চালানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।

আজ বৃহস্পতিবার তেজগাঁওয়ে আনসার সদর দপ্তরের ফলক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী ও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন এজেন্সি সমন্বিতভাবে অভিযান পরিচালনার পরিকল্পনা করছে। সেখানে আনসার ব্যাটালিয়নও থাকবে।

পুলিশ, বিজিবি, এসআরবিসহ অন্যান্য বাহিনী সমন্বিতভাবে কাজ করবে।’

তিনি বলেন, ‘তবে এটিকে নতুন কোনো বাহিনী গঠনের পরিকল্পনা হিসেবে দেখার সুযোগ নেই। এটা আমাদের রেগুলার কর্মকাণ্ড। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এবং সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকের মতো অপরাধ দমনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর একটা সমন্বয় সব সময় থাকে।

এখনো সেটা চলছে। সামনে আমরা আরো জোরদার করব।’

ডিসেম্বর ঘিরে অস্থিরতার আশঙ্কা নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস। কোনো অপশক্তি এ মাসে অস্থিরতা সৃষ্টি করতে পারবে বলে তিনি বিশ্বাস করেন না।’

আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর মধ্যে কেউ কেউ আগের সরকারের সঙ্গে যোগাযোগ রেখে নাশকতার পরিকল্পনা করছে কি না এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘দায়িত্বে অবহেলার বিষয়গুলো নজরে এলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘আমরা শুধু তাদের প্রত্যাহার করে ক্ষান্ত হচ্ছি না। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিচ্ছি। ডিপার্টমেন্টাল প্রসিডিংও নিচ্ছি। ক্রিমিনাল অফেন্স হয়ে থাকলে তাদের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্সে অভিযোগ আনা হচ্ছে।’

এ সময় আনসার সদর দপ্তরের জন্য তেজগাঁওয়ে প্রায় ৩ দশমিক ৪৫ একর বা ১১ বিঘা জমি বরাদ্দ দেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল আনসারের জন্য একটি পরিকল্পিত জায়গায় সদর দপ্তর স্থাপন করা। সেই স্বপ্ন আজ পূরণ হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়