জেড নিউজ ঢাকা:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণ অধিকার পরিষদ- এই চার দলের সমন্বয়ে নির্বাচনী জোটের আলোচনা চলছিল দুই সপ্তাহ ধরে৷ অবশেষে এই জোট আলোর মুখ দেখতে যাচ্ছে৷ তবে জোটে থাকছে না গণ অধিকার পরিষদ৷
আজ রোববার বিকেল চারটায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করে এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কারের এই জোটের ঘোষণা দেওয়া হবে৷ দলগুলোর পক্ষ থেকে এই জোটকে বলা হচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’৷
দুপুর ১২টার দিকে এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন সাংবাদিকদের জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য ঘোষণা প্রসঙ্গে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ বিকেল চারটায় ডিআরইউতে এই সংবাদ সম্মেলন হবে৷ এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এবি পার্টির নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন৷



