জেড নিউজ ডেস্ক :
সমুদ্রপৃষ্ঠ থেকে ২০ হাজার ৫৯৩ ফুট (৬ হাজার ২৭৭ মিটার) উচ্চতায় বসে দাবা খেলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম লিখিয়েছেন দুই মার্কিন বন্ধু। ইকুয়েডরের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ‘মাউন্ট চিম্বোরাজো’র চূড়ায় এ বিরল ও রোমাঞ্চকর দাবা ম্যাচটি অনুষ্ঠিত হয়।
রেকর্ড গড়া ওই দুই মার্কিন নাগরিক হলেন অ্যাডাম উইনিঙ্গার (৩২) এবং জশুয়া হোস্ট (৪৪)। তীব্র শীত, হিমশীতল বাতাস এবং অক্সিজেনের স্বল্পতার মতো চরম প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে তারা পর্বতশৃঙ্গের বরফের ওপর দাবার বোর্ড সাজিয়ে বসেন। প্রচ- ঠান্ডার কারণে খালি হাতে ঘুঁটি নাড়ানো অসম্ভব হওয়ায় দুজনকেই হাতে মোটা গ্লাভস পরে পুরো ম্যাচটি খেলতে হয়েছে।
ম্যাচটিতে অ্যাডাম উইনিঙ্গার জয়লাভ করেন। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে নেপালের পুথা হিউনচুলি পর্বতে ২০ হাজার ৩৯৩ ফুট উচ্চতায় দাবা খেলে বিশ্বরেকর্ড গড়েছিলেন দুই ব্রিটিশ পর্বতারোহী। সেই রেকর্ডটি প্রায় ২০০ ফুট বেশি উচ্চতায় ভেঙে নতুন কীর্তি গড়লেন এই দুই মার্কিন বন্ধু।
অ্যাডাম উইনিঙ্গার জানান, দাবা তার অত্যন্ত প্রিয় খেলা এবং পর্বতের চূড়ায় বসে খেলার এই অভিজ্ঞতা তার কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবে। ভবিষ্যতে কেউ তাদের এই রেকর্ড ভাঙলে তারা আরও বেশি উচ্চতায় গিয়ে পুনরায় রেকর্ডটি নিজেদের করে নেবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেছেন।





