জেড নিউজ ডেস্ক :
তরুণ উদ্যোক্তাদের ব্যবসা শুরু ও সম্প্রসারণে আর্থিক সহায়তা দিতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ (UDYOG)’ কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ৬৪০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। দেশের আট জেলার ৬৪টি উপজেলা থেকে চূড়ান্তভাবে এসব উদ্যোক্তাকে নির্বাচন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত বিজ্ঞপ্তিতে নির্বাচিত উদ্যোক্তাদের তালিকা প্রকাশ করা হয়। তালিকাটি কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা জেলার ৬৪টি উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এসব উপজেলা থেকে ৬৪০ জন উদ্যোক্তাকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।
এদিকে বাকি ৫৬ জেলার প্রতিটি উপজেলার আগ্রহী তরুণদের কাছ থেকে আবেদন গ্রহণ চলছে। আগ্রহীরা নিজ নিজ উপজেলায় অবস্থিত যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় আবেদন জমা দিতে পারবেন।
কর্মসূচির আওতায় নির্বাচিত উদ্যোক্তারা নতুন ব্যবসা শুরু অথবা বিদ্যমান ব্যবসা সম্প্রসারণের জন্য সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। এ অর্থের অর্ধেক, সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং বাকি অর্ধেক, সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে।
এ অর্থায়নের জন্য কোনো সহায়তামূলক জামানত দিতে হবে না। তবে ঋণের অর্থ নির্ধারিত খাতে ব্যবহার এবং সময়মতো কিস্তি পরিশোধ করতে হবে। শর্ত ভঙ্গ করলে অনুদানের সুবিধা বাতিল হতে পারে। সে ক্ষেত্রে অনুদানের অর্থও ঋণে রূপান্তরিত হবে এবং সরকারি পাওনা হিসেবে আদায় করা হবে।
কর্মসূচিতে আবেদনের জন্য প্রার্থীর বয়স আবেদন গ্রহণের শেষ তারিখে সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হওয়ার পাশাপাশি থাকতে হবে বাস্তবায়নযোগ্য ব্যবসায়িক পরিকল্পনা। আগে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া ব্যক্তি, ঋণখেলাপি এবং সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা এ সুবিধার জন্য যোগ্য বিবেচিত হবেন না।
কৃষিভিত্তিক শিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, হালকা প্রকৌশল ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতের উদ্যোক্তারা এ কর্মসূচির আওতায় আসতে পারবেন। পাশাপাশি ই-কমার্স, ফিনটেক, এডটেক, অ্যাগ্রিটেক ও হেলথটেকের মতো প্রযুক্তিনির্ভর উদ্যোগেও অর্থায়নের সুযোগ রয়েছে।
আবেদনের জন্য নির্ধারিত ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। পূরণ করা আবেদন ফরমের সঙ্গে জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, ছবি এবং শিক্ষাগত ও প্রশিক্ষণসংক্রান্ত সনদ (যদি থাকে) জমা দিতে হবে।
উল্লেখ্য, তরুণদের চাকরিপ্রার্থী হিসেবে নয়, বরং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং দেশে বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক এ কর্মসূচি চালু করেছে।





