জেড নিউজ, ঢাকা:
নারায়ণগঞ্জের ফতুল্লায় ফ্ল্যাটে জমে থাকা গ্যাস বিস্ফোরণে গুরুতর দগ্ধ পোশাকশ্রমিক শাহিন (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় তার দগ্ধ স্ত্রী লিমা পারভীন (২৬) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এদিন ভোর সাড়ে ৫টার দিকে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকার আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলার ফ্ল্যাটে বিকট শব্দে গ্যাস বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শাহিন ও তার স্ত্রী লিমাসহ একই বাসার চারজান দগ্ধ হন। দগ্ধ অপর দুজন হলেন হোসেন (২৮) ও শাহেদ (২৪)। ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেন এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক হারুন উর রশিদ বিপুল বলেন, আগুনে শাহিনের শরীরের ৬৮ শতাংশ এবং তার স্ত্রী লিমার ৪৫ শতাংশ পুড়ে যায়। দুজনেরই শ্বাসনালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় শাহিনের মৃত্যু হয়েছে এবং তার স্ত্রী লিমা বর্তমানে আইসিইউতে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এছাড়া একই ঘটনায় দগ্ধ হোসেনের শরীরের ১২ শতাংশ ও শাহেদের ৩ শতাংশ পুড়ে যাওয়ায় তারা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, রাতে রান্নাঘরের চুলার গ্যাসের চাবি বা সুইচ খোলা থাকলেও তখন সরবরাহ লাইনে গ্যাস ছিল না। গভীর রাতে সরবরাহ স্বাভাবিক হলে খোলা চাবি দিয়ে বের হওয়া গ্যাস বন্ধ ফ্ল্যাটটিতে ছড়িয়ে জমে থাকে। ভোরে চুলা জ্বালাতে গেলে জমে থাকা গ্যাসে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে পুরো ঘরে আগুন ধরে যায়। ফ্ল্যাটের দরজা-জানালা বন্ধ থাকায় আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে ঘরের ভেতরে থাকা চারজনকে দগ্ধ করে।





