spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

যুক্তরাষ্ট্রের শীর্ষ ৩ প্রতিষ্ঠানের তকমা হারালো এনভিডিয়া

জেড নিউজ, ঢাকা:

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্ভর প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে বাড়তে থাকা সংশয়ে বিশ্বজুড়ে শেয়ারবাজারে বড় দরপতন দেখা দিয়েছে। টানা দরপতনে মার্কিন শেয়ারবাজারে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ চিপ নির্মাতা সংস্থা এনভিডিয়া।

শুক্রবার (২০ নভেম্বর) দরপতনের ফলে যুক্তরাষ্ট্রের তৃতীয় শীর্ষ মূল্যবান সংস্থার অবস্থান হারিয়েছে প্রতিষ্ঠানটি। বর্তমানে সংস্থাটির বাজার মূলধন গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের নিচে নেমে গেছে।

লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপ (এলএসইজি)-র তথ্য অনুযায়ী, শুক্রবারের লেনদেনে এনভিডিয়ার শেয়ারের দর প্রায় ৩ শতাংশ কমে যায়। এতে প্রতিষ্ঠানটির বাজার মূলধন কমে দাঁড়ায় প্রায় ৩ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারে। প্রায় ৩ দশমিক ৪৪ ট্রিলিয়ন ডলার বাজার মূলধন নিয়ে এনভিডিয়াকে ছাড়িয়ে গেছে অ্যালফাবেট। এছাড়া শীর্ষ দুই অবস্থান ধরে রেখেছে অ্যাপল ও মাইক্রোসফট।

এনভিডিয়া টানা সাতটি লেনদেন সেশনে শেয়ারের দরপতনে পড়েছে । ২০০৮ সালের পর এত দীর্ঘ সময় ধরে এমন পতন দেখা যায়নি সংস্থাটির। যদিও ওয়াল স্ট্রিটের প্রত্যাশাকেও ছাপিয়ে যাওয়া ত্রৈমাসিক আর্থিক ফল প্রকাশের মাত্র কয়েক দিনের মধ্যেই এনভিডিয়ার শেয়ার নতুন করে বিক্রির হিড়িক পড়ে গিয়েছিল।

বিনিয়োগ বিশেষজ্ঞদের মতে, বর্তমান প্রতিষ্ঠানটির আয় ভালো হলেও ভবিষ্যৎ ব্যবসা নিয়ে বিনিয়োগকারীদের দুশ্চিন্তা কাটছে না। এআই খাতের ভবিষ্যৎ এবং প্রযুক্তি খাতের অনিশ্চয়তা এনভিডিয়ার ওপর চাপ তৈরি করেছে। সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর প্রকাশিত এই আর্থিক ফলও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পারেনি।

এদিকে এনভিডিয়ার শেয়ারের দুর্বলতার প্রভাব সেমিকন্ডাক্টর ও এআই খাতের অন্যান্য কোম্পানিতেও পড়েছে। এর জেরে, গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে অন্যতম বড় দরপতনের সাক্ষী রইল ওয়াল স্ট্রিট।

এদিন প্রযুক্তি খাতের শেয়ারগুলি বিক্রির হিড়িক পড়ে যাওয়ায় ন্যাসড্যাকের কম্পোজিট সূচক ৫ দশমিক ৩ শতাংশ কমেছে। প্রযুক্তি কোম্পানির উচ্চ মূল্যায়ন, মূল্যস্ফীতির চাপ এবং এআই খাতে বিপুল বিনিয়োগের যৌক্তিকতা নিয়ে উদ্বেগ বাড়ছে। এই শঙ্কাই বিশ্বজুড়ে শেয়ারবাজারে ব্যাপক বিক্রির চাপ তৈরি করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়