জেড নিউজ ডেস্ক:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীরা গোপালগঞ্জ,নড়াইল, বরিশাল, খুলনা,ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় তান্ডব চালিয়ে কয়েকজনকে হত্যা করেছে এবং বহু যানবাহন এমনকি থানায় আগুন দিয়েছে, বিজিবির গাড়িতে আগুন দিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা চালিয়েছে। কয়েকজন এমপির বাড়ি পুড়িয়ে দিয়েছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে বক্তব্য দিয়ে বলেছেন, ফ্যাসিবাদী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদের সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করতে হলে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। এরই অংশ হিসেবে তিনি বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানকে চায়ের দাওয়াত দিয়ে আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীকে গুঁড়িয়ে দেওয়ার সংগ্রামে শামিল হওয়ার আহ্বান জানান।
ফ্যাসিবাদ নির্মূলে চাই জাতীয় ঐক্য, আইনের শাসন ও কঠোর রাজনৈতিক প্রতিরোধ। ফ্যাসিবাদ নির্মূলে এর কোন বিকল্প নেই। একটি রাজনৈতিক দল কেবল ক্ষমতায় থেকেই ফ্যাসিবাদী কায়দায় শাসনব্যবস্থা পরিচালনা করে তা নয় ক্ষমতার বাইরে থেকেও তারা ফ্যাসিবাদী আচরণ করে থাকে। আওয়ামী লীগের নামের সঙ্গেই সেই ফ্যাসিবাদী তকমাটাই লেগে আছে। কারণ তারা কোন বিরোধী মতকে সহ্য করতে পারে না। ক্ষমতায় থাকলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে যেমন বিরোধী মতকে দমন করে, আর ক্ষমতার বাইরে থাকলে তারা সন্ত্রাসী কায়দায় ভিন্ন মতের উপর চড়াও হয়।
দেশে আওয়ামী ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে কিন্তু দলীয় ফ্যাসিবাদের অবসান ঘটে নাই। বরং পরাজিত ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তি আবার সংগঠিত হয়ে সহিংসতার পথ বেছে নিয়েছে, ফলে গণতন্ত্রের জন্য নতুন করে বিপদের আশঙ্কা তৈরি হয়েছে।
নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিবাদী দলটির দণ্ডপ্রাপ্ত নেত্রী ডিসেম্বরে দেশে ফিরবেন বলে ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের কর্মী বাহিনী গোপালগঞ্জ, নড়াইল, ঢাকাসহ দেশের ২০টি জেলায় সহিংসতা, প্রাণহানি, যানবাহন ও থানা পোড়ানো, বিজিবির গাড়িতে অগ্নিসংযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা এবং সংসদ সদস্যদের বাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটিয়েছে। যা কিনা রাষ্ট্রের নিরাপত্তা ও গণতান্ত্রিক স্থিতিশীলতার জন্য গুরুতর উদ্বেগের বিষয়।
সবচেয়ে বিপদজনক বিষয়ের কথা হচ্ছে তারা সংঘটিত হয়ে অন্য রাজনৈতিক দলের মিছিলের ওপর হামলা করেছে। নড়াইলে বিএনপি’র কৃষক সংগঠনের নেতা সোহেল রানা এবং শাহিনুরকে পিটিয়ে হত্যা করেছে। তার আগের দিন ফরিদপুরে অনুরূপভাবে কৃষক দলের আরেক নেতাকে হত্যা করেছে। গোপালগঞ্জ জেলাকে তারা অন্যান্য প্রশাসনিক জেলা থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। যার অর্থ দাঁড়ায় নিষিদ্ধ ঘোষিত দলটি এখন গোপালগঞ্জ জেলার মধ্যেই সীমাবদ্ধ। ৬৪ জেলার মধ্যে গোপালগঞ্জ একটি জেলা। সেখানে শেখ হাসিনার আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশী বসবাস করে-এটা যেমন সত্য তেমনি তিনি তার নিকট আত্মীয়-স্বজনকে নিরাপদ স্থানে রাখার জন্য পাঁচই আগস্টের আগেই দেশ ছাড়ার পথ করে দিয়েছিলেন। এখন গোপালগঞ্জে যারা আন্দোলন করছে তারা একেবারেই আবেগ তাড়িত হয়ে করছে। নেত্রী বলেছেন, অতএব আর ঘরে বসে থাকা যাবে না-এটা তাদের কাছে অনেকটা ধর্মীয় বাণীর মত। শেখ হাসিনা যে দেশে ফিরবেন না এটা অনেকটাই নিশ্চিত বলা যায়। যে কারণে তিনি নানামুখী নাটকের আশ্রয় নিচ্ছেন; কখনো পাসপোর্ট পাসপোর্ট খেলা, কখনও আপিল করার বাহানা। তিনি তার আইনজীবীদের কাছ থেকে ইতিমধ্যেই খবর নিয়েছেন বাংলাদেশে ফিরলে তার পরিণতি কি হতে পারে। শুধুমাত্র গোপালগঞ্জ দিয়ে যে তাকে বা তার দলকে পুনরুজ্জীবিত করা যাবে না সেটা তিনি নিশ্চিত হয়েছেন। এখন যাদের মাঠে নামাচ্ছেন তারা তাদের পরিণতি সম্পর্কে সজাগ নয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি পোড়ানো কিংবা থানায় অগ্নি সংযোগ করা সবকিছুই রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের শামিল। রাষ্ট্র তার সম্পদ রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবে এটাই স্বাভাবিক। সেই সম্পদ রক্ষার কৌশল কেমন হবে সেটা সরকারই নির্ধারণ করবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রের সম্পদ রক্ষা করার দায়িত্ব সরকারের। জনগণের নির্বাচিত সরকার বর্তমানে ক্ষমতায়।
দেশের অর্থনীতির সিংহভাগ দাঁড়িয়ে আছে পোশাক শিল্পের উপর। সেখানেও অস্থিতিশীল করার জন্য এই ফ্যাসিবাদী শক্তি তৎপর। শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন এবং পয়লা ডিসেম্বর থেকে তাদের মজুরি দেওয়ার জন্য ঘোষণার পরও শিল্পাঞ্চলে অরাজক পরিস্থিতির সৃষ্টি করে রাখা হয়েছে। বহির বিশ্বে বাংলাদেশের পোশাক শিল্পের সুনাম দীর্ঘদিনের। সেটা ক্ষুন্ন করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। সেটাকেও আমলে নিয়ে সরকারকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে ঘোষণা দিয়েছেন; “আমাদের স্বাধীনতা আমরা রক্ষা করব। আমাদের গণতন্ত্র আমরা রক্ষা করব। আমাদের সংসদ, এই স্বাধীন সার্বভৌম সংসদ আমরা রক্ষা করব। বাংলাদেশকে আর কোন তাবেদারের হাতে আমরা সঁপে দেব না- আসুন ২৪ এ আমরা যেভাবে পতিত পলাতক স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছিলাম- তাদের আবার ২৪ এর চেতনায় মাথা গুড়িয়ে দিতে চাই।”তার এই ঘোষণা স্পষ্ট যে সন্ত্রাস দমনে কঠোর অবস্থানে সরকার।





