জেড নিউজ, ঢাকা:
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, সিনপটিক অবস্থায় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন অর্থাৎ ১৩ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত সারা দেশের আবহাওয়া পরিস্থিতি প্রায় একই রকম থাকতে পারে। এই সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই পাঁচ দিন সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ঢাকায় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১৩ মিনিটে।
তবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।





