spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত কমপক্ষে ২৬

জেড নিউজ ডেস্ক:

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১১ জন। রাজ্যের কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এই উদ্যানের কাছাকাছি দুর্ঘটনায় আহতদের জোরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আসামের গ্রামীণ উন্নয়নমন্ত্রী অতুল বোরা জানিয়েছেন, নিহতদের মধ্যে বেশ কয়েকজন কলেজশিক্ষার্থী। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। বিবিসি সহ বিভিন্ন সংবাদ মাধ্যম এ খবর দিযেছে। অতুল বোরা আরও বলেন, প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় গাড়ি দুটির কোনো একটি অতিরিক্ত গতিতে চলছিল। তবে তিনি বলেন, তদন্তের পরই দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এক্সে দেয়া এক পোস্টে লিখেছেন, এই ক্ষয়ক্ষতির ব্যাপকতা আমাদের সবাইকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। তিনি আরও লিখেছেন, এ মুহূর্তে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হলো, আহতরা যেন বিলম্ব ছাড়াই সর্বোত্তম চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করা।

বাসটি বোকাখাত থেকে যাত্রী নিয়ে নগাঁওয়ের দিকে যাচ্ছিল। বোকাখাত কাজিরাঙা জাতীয় উদ্যানের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। এক শিংবিশিষ্ট গণ্ডারের জন্য বিখ্যাত এই উদ্যানটি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়। অন্যদিকে, নগাঁও আসামের মধ্যাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ কৃষি ও বাণিজ্যিক কেন্দ্র। সড়কপথে বোকাখাত থেকে এর দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার। আঞ্চলিক বিরোধী দলের প্রধান লুরিনজ্যোতি গগৈ বলেছেন, আসামে দীর্ঘদিন ধরেই সড়ক নিরাপত্তা বড় ধরনের উদ্বেগের বিষয়। তিনি বলেন, সরকারকে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিতে হবে।

ভারতে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়। ২০২৩ সালে দেশটির সড়কগুলোতে প্রাণ হারিয়েছিলেন ১ লাখ ৭২ হাজার মানুষ। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪৭৪ জন, প্রায় প্রতি তিন মিনিটে একজন। ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ লাখ ৮৩ হাজার ৩৮২। বিশেষজ্ঞদের মতে, ভারতে সড়ক দুর্ঘটনার এই সংকটের পেছনে শুধু অবকাঠামোগত দুর্বলতাই দায়ী নয়। এর সঙ্গে মানুষের আচরণ, আইন প্রয়োগের ঘাটতি এবং দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক অবহেলাও জড়িত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়