জেড নিউজ, ঢাকা:
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি এবং এলপিজি পরিবহনকারী জাহাজের সংকটের কারণে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ছে বলে দাবি করেছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)।
সংগঠনটির দাবি, যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ বিঘ্নিত হওয়ায় বিকল্প উৎস হিসেবে যুক্তরাষ্ট্র থেকে এলপিজি আমদানি করতে হচ্ছে। এতে দীর্ঘ সমুদ্রপথের পাশাপাশি জাহাজভাড়াও বেড়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে এসব কথা জানায় লোয়াবের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আহসানুল জব্বার বিবৃতিতে স্বাক্ষর করেন।
বিবৃতিতে বলা হয়, ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের মোট মূল্যের প্রায় ৮০ শতাংশ নির্ভর করে আন্তর্জাতিক বাজার থেকে গ্যাস কেনা ও দেশে আমদানির ব্যয়ের ওপর। বাকি ২০ শতাংশের মধ্যে রয়েছে ভ্যাট-কর, সিলিন্ডারে গ্যাস ভরা, স্থানীয় পরিবহন, মুনাফা এবং ডিলার ও খুচরা বিক্রেতার কমিশন। ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশের বাজারে তা নিয়ন্ত্রণের সুযোগ সীমিত থাকে।
লোয়াবের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সৌদি আরামকোর এলপিজির কন্ট্রাক্ট প্রাইস (সিপি) প্রতি টন গড়ে ৫৫২ ডলার ছিল। ২০২৬ সালে তা বেড়ে গড়ে ৬৬৬ ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ এক বছরের ব্যবধানে কাঁচামালের দাম বেড়েছে প্রায় ২১ শতাংশ। চলতি বছরের নভেম্বর মাসে প্রোপেনের সিপি ছিল প্রতি টন ৭২০ ডলার এবং বিউটেনের ৭৮০ ডলার। ৩৫:৬৫ অনুপাতে এ দুটির গড় মূল্য দাঁড়ায় প্রায় ৭৫৯ ডলার।
বিবৃতিতে আরও বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রতি কেজি এলপিজির নির্ধারিত মূল্য ছিল ১১৩ টাকা। নভেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৭১ টাকা ৬৮ পয়সায়।
এলপিজির দাম বৃদ্ধির পেছনে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি। তাদের দাবি, যুদ্ধের কারণে হরমুজ প্রণালি ও বাব-এল-মান্দেব নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল বিঘ্নিত হয়েছে। এতে প্রচলিত সরবরাহ চুক্তি বাতিল ও অনিশ্চিত হয়ে পড়েছে। বর্তমানে দেশের এলপিজি চাহিদার প্রায় ৮০ শতাংশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হচ্ছে।
লোয়াব দাবি করে, যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিয়ে এলপিজি আমদানি করতে হচ্ছে। একই সময়ে বিশ্বজুড়ে এলপিজি পরিবহনের বিশেষায়িত জাহাজের সংকট তৈরি হয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম ও জাহাজভাড়া বেড়ে আমদানির মোট ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।
এ ছাড়া ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় আমদানিকারকদের ব্যয় আরও বেড়েছে বলে দাবি করেছে সংগঠনটি। এলপিজি আমদানির মূল্য ডলারে পরিশোধ করতে হয়। ফলে টাকার অবমূল্যায়নের কারণে ঋণপত্র খোলা ও পণ্য আমদানিতে বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে।
ভারতের সঙ্গে বাংলাদেশের এলপিজির দামের পার্থক্যের কারণও ব্যাখ্যা করেছে লোয়াব। সংগঠনটির দাবি, ভারতে সমুদ্রবন্দরের পর্যাপ্ত গভীরতা থাকায় বড় জাহাজ সরাসরি জেটিতে ভিড়ে দ্রুত এলপিজি খালাস করতে পারে। কিন্তু বাংলাদেশে পর্যাপ্ত পানির গভীরতা না থাকায় গভীর সমুদ্রে ছোট জাহাজের মাধ্যমে লাইটারিং করে গ্যাস খালাস করতে হয়। এতে প্রায় ২৫ দিন সময় লাগে। একটি বড় জাহাজ পরিচালনায় দৈনিক প্রায় দুই লাখ ডলার ব্যয় হওয়ায় এ প্রক্রিয়ায় আমদানি ব্যয় অনেক বেড়ে যায়।
এ ছাড়া ভারতের এলপিজি চাহিদার প্রায় ৫০ শতাংশ দেশটির নিজস্ব শোধনাগারে উৎপাদিত হয়। দেশটির বাজার বাংলাদেশের তুলনায় প্রায় ২০ গুণ বড়। ফলে একসঙ্গে বেশি পরিমাণ গ্যাস আমদানি করে তারা পাইকারি ছাড় ও জাহাজ ব্যবহারে সুবিধা পায়। পাশাপাশি ২০২৫-২৬ অর্থবছরে ভারত সরকার এলপিজি খাতে প্রায় ৩০ হাজার কোটি রুপি ভর্তুকি দিচ্ছে। বিপরীতে বাংলাদেশে এলপিজি খাতে কোনো সরকারি ভর্তুকি নেই বলে দাবি করেছে লোয়াব।
সংগঠনটির মতে, দেশে এলপিজির আমদানি ব্যয় কমাতে মহেশখালীতে ল্যান্ড টার্মিনাল নির্মাণ করা প্রয়োজন। সরকারি উদ্যোগে অথবা সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে এ ধরনের টার্মিনাল নির্মাণ করা হলে আমদানি ও পরিচালন ব্যয় কমবে। এর প্রভাব ভোক্তা পর্যায়ের দামেও পড়বে।
এদিকে ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিত করতে অপারেটর ও পরিবেশকদের নির্দেশনা দিয়েছে লোয়াব। বিবৃতিতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রির বিষয়ে কঠোর নির্দেশনা ও সতর্কবার্তা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে সংগঠনের আওতাধীন সব অপারেটর ও পরিবেশককে নির্ধারিত মূল্যে বিক্রি এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে।
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি করলে সংশ্লিষ্ট অসাধু চক্র ও খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।





