spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

মুমিনের জীবন যেমন হওয়া উচিত

জেড নিউজ ডেস্ক : 

মুমিনের জীবন শুধু নামাজ, রোজা কিংবা কিছু ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং তার ঘুম থেকে জাগা, পরিবারের সঙ্গে আচরণ, মানুষের সঙ্গে লেনদেন, উপার্জন, কথাবার্তা, বিপদে ধৈর্য ধারণ, সুখে শুকরিয়া আদায়—জীবনের প্রতিটি ক্ষেত্রেই ঈমানের প্রতিফলন থাকা উচিত।

নিম্মে একজন মুমিনের জীবন কেমন হওয়া উচিত কোরআন-হাদিসের আলোকে তা তুলে ধরা হলো,

১. জীবনের প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া : একজন প্রকৃত মুমিনের জীবনের মূল লক্ষ্য থাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন। সে নিজের ইচ্ছা, প্রবৃত্তি কিংবা মানুষের প্রশংসাকে জীবনের চূড়ান্ত উদ্দেশ্য বানায় না। তার প্রতিটি কাজের পেছনে থাকে আল্লাহর আনুগত্যের মানসিকতা। আল্লাহ তাআলা বলেন, ‘বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন ও আমার মৃত্যু—সবই বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য।’ (সুরা : আনআম, আয়াত : ১৬২)

২. ঈমান ও তাকওয়ায় জীবনকে সমৃদ্ধ করা : মুমিনের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। ঈমান শুধু মুখে স্বীকার করার বিষয় নয়; বরং অন্তরে দৃঢ় বিশ্বাস স্থাপন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তার প্রতিফলন ঘটানোর নাম। একজন মুমিন সব সময় মনে রাখে, আল্লাহ তাকে দেখছেন, তার প্রতিটি কথা ও কাজের হিসাব সংরক্ষিত হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং মুসলিম না হয়ে কখনো মৃত্যুবরণ করো না।

’ (সুরা : আলে ইমরান, আয়াত : ১০২)
তাকওয়া একজন মুমিনের জীবনের নিরাপত্তাবেষ্টনী। নির্জনে কিংবা মানুষের সামনে, সুখে কিংবা দুঃখে, প্রাচুর্যে কিংবা অভাবে—সব অবস্থায় সে আল্লাহকে ভয় করে চলে। মানুষের চোখ এড়িয়ে গেলেও আল্লাহর কাছে কোনো কিছু গোপন থাকে না—এই বিশ্বাস তাকে পাপ থেকে বিরত রাখে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তুমি যেখানেই থাকো, আল্লাহকে ভয় করো।’ (জামে তিরমিজি, হাদিস : ১৯৮৭)

৩. নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করা : নামাজ একজন মুমিনের জীবনের অন্যতম প্রধান স্তম্ভ। এটি কেবল একটি ফরজ ইবাদত নয়; বরং বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক দৃঢ় করার সর্বোত্তম মাধ্যম। একজন প্রকৃত মুমিন কখনো নামাজকে বোঝা মনে করে না; বরং নামাজের মধ্যেই খুঁজে পায় প্রশান্তি ও আত্মিক শক্তি। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই মুমিনরা সফলকাম হয়েছে। যারা নিজেদের নামাজে বিনয় ও একাগ্রতা অবলম্বন করে।’ (সুরা আল-মুমিনুন, আয়াত : ১-২)
আয়াতের শুরুতেই আল্লাহ মুমিনদের সফলতার ঘোষণা দিয়েছেন। আর তাদের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেছেন নামাজে একাগ্রতা ও বিনয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আমার চোখের প্রশান্তি রাখা হয়েছে নামাজের মধ্যে।’ (সুনানে নাসায়ি, হাদিস : ৩৯৩৯)

৪. কোরআনের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলা : কোরআন একজন মুমিনের জীবনের পথনির্দেশক। কোরআন ছাড়া মুমিনের জীবন যেন আলোহীন পথচলা। সে শুধু কোরআন তিলাওয়াতই করে না; বরং এর অর্থ বোঝার চেষ্টা করে, শিক্ষা গ্রহণ করে এবং নিজের জীবনে বাস্তবায়ন করে। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই এই কোরআন এমন পথ দেখায়, যা সর্বাধিক সরল ও সুদৃঢ়।’ (সুরা : বনি ইসরাঈল, আয়াত : ৯)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে, যে কোরআন শেখে এবং অন্যকে শেখায়।’ (সহিহ বুখারি, হাদিস : ৫০২৭)

৫. উত্তম চরিত্র ও সুন্দর আচরণের অধিকারী হওয়া : ইসলামে ইবাদতের পাশাপাশি উত্তম চরিত্রের গুরুত্ব অত্যন্ত বেশি। একজন মুমিন শুধু নিজের ইবাদত নিয়েই ব্যস্ত থাকে না; বরং তার আচরণে অন্য মানুষও নিরাপদ ও স্বস্তি অনুভব করে। সে কাউকে কষ্ট দেয় না, অহংকার করে না, মিথ্যা বলে না, প্রতারণা করে না এবং মানুষের অধিকার নষ্ট করে না। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা মানুষের সঙ্গে উত্তম কথা বলো।’ (সুরা : বাকারা, আয়াত : ৮৩)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বোত্তম তারা, যাদের চরিত্র সবচেয়ে সুন্দর।’ (সহিহ বুখারি, হাদিস : ৩৫৫৯)

৬. হালাল উপার্জন ও পবিত্র জীবনযাপন করা : একজন মুমিনের জীবন হবে পবিত্র ও হালাল উপার্জননির্ভর। সে কখনো হারাম পথে সম্পদ অর্জনের চেষ্টা করে না। প্রতারণা, সুদ, ঘুষ, আত্মসাৎ কিংবা অন্যের অধিকার নষ্ট করে ধনী হওয়ার স্বপ্ন দেখে না। কারণ সে জানে, হারাম উপার্জনে বাহ্যিক প্রাচুর্য এলেও তাতে প্রকৃত কল্যাণ ও বরকত থাকে না। আল্লাহ তাআলা বলেন, ‘হে মানুষ! পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্র রয়েছে, তা থেকে আহার করো।’ (সুরা : বাকারা, আয়াত : ১৬৮)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া গ্রহণ করেন না।’ (সহিহ মুসলিম, হাদিস : ১০১৫)

৭. বিপদে ধৈর্য এবং সুখে শুকরিয়া আদায় করা : মুমিনের জীবন কখনো বিপদমুক্ত নয়। কখনো অসুস্থতা, কখনো অভাব-অনটন, কখনো প্রিয়জন হারানোর বেদনা, আবার কখনো নানা ধরনের পারিবারিক ও সামাজিক সংকট তাকে ঘিরে ধরে। কিন্তু একজন মুমিন এসব পরিস্থিতিতে ভেঙে পড়ে না। সে বিপদে ধৈর্য ধারণ করে এবং সুখ-স্বাচ্ছন্দ্যে আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহ তাআলা বলেন, ‘আর ধৈর্যশীলদের সুসংবাদ দিন। যারা বিপদে আক্রান্ত হলে বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তাঁর কাছেই ফিরে যাব।’ (সুরা : বাকারা, আয়াত : ১৫৫-১৫৬)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মুমিনের ব্যাপারটি আশ্চর্যজনক! তার প্রতিটি অবস্থাই তার জন্য কল্যাণকর। মুমিন সুখ-স্বাচ্ছন্দ্য লাভ করলে শুকরিয়া আদায় করে, ফলে তা তার জন্য কল্যাণকর হয়। আর বিপদে আক্রান্ত হলে ধৈর্য ধারণ করে, ফলে সেটিও তার জন্য কল্যাণকর হয়। (সহিহ মুসলিম, হাদিস : ২৯৯৯)

৮. দুনিয়ার প্রতি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি রাখা : একজন মুমিন দুনিয়াকে সম্পূর্ণ পরিত্যাগ করে না, আবার দুনিয়ার মোহে আখিরাতকেও ভুলে যায় না। সে দুনিয়ার প্রয়োজন পূরণ করে, হালাল সম্পদ উপার্জন করে, পরিবারকে ভালো রাখে এবং মানুষের কল্যাণে কাজ করে। তবে এসব কিছুই তাকে আখিরাতের প্রস্তুতি থেকে বিচ্যুত করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ‘আল্লাহ তোমাকে যা দিয়েছেন, তা দিয়ে আখিরাতের আবাস অনুসন্ধান করো এবং দুনিয়া থেকে তোমার অংশ ভুলে যেয়ো না।’ (সুরা আল-কাসাস, আয়াত : ৭৭)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তুমি দুনিয়াতে এমনভাবে বসবাস করো, যেন তুমি একজন অপরিচিত ব্যক্তি অথবা পথ অতিক্রমকারী মুসাফির।’ (সহিহ বুখারি, হাদিস : ৬৪১৬)

৯. পরিবার ও আত্মীয়স্বজনের হক আদায় করা : ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদতের শিক্ষা দেয় না; বরং পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালনেরও নির্দেশ দেয়। একজন মুমিন নিজের স্ত্রী-সন্তান, মা-বাবা, ভাই-বোন ও আত্মীয়স্বজনের অধিকার সম্পর্কে সচেতন থাকে। সে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো আচরণ করে, তাদের প্রয়োজন পূরণ করে এবং দ্বিনি শিক্ষায় গড়ে তোলার চেষ্টা করে। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা তাদের (স্ত্রীদের) সঙ্গে সদ্ভাবে জীবনযাপন করো।’ (সুরা : নিসা, আয়াত : ১৯)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যে তার পরিবারের কাছে উত্তম। আর আমি আমার পরিবারের কাছে তোমাদের মধ্যে সর্বোত্তম।’ (জামে তিরমিজি, হাদিস : ৩৮৯৫)

১০. মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা : একজন প্রকৃত মুমিন শুধু নিজের ভালো থাকা নিয়ে চিন্তা করে না; বরং অন্য মানুষের কল্যাণেও ভূমিকা রাখে। অসহায়কে সাহায্য করে, ক্ষুধার্তকে খাবার দেয়, বিপদগ্রস্তের পাশে দাঁড়ায়, অসুস্থ ব্যক্তির খোঁজখবর নেয় এবং সমাজের শান্তি ও কল্যাণে কাজ করে। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে পরস্পর সহযোগিতা করো এবং পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অন্যকে সহযোগিতা করো না।’ (সুরা : মায়িদা, আয়াত : ২)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘বান্দা যতক্ষণ তার ভাইয়ের সহযোগিতায় নিয়োজিত থাকে, আল্লাহ ততক্ষণ সেই বান্দার সহযোগিতায় থাকেন।’ (সহিহ মুসলিম, হাদিস : ২৬৯৯)

১১. সময়ের মূল্য দেওয়া এবং অনর্থক কাজ থেকে বিরত থাকা : সময় মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। একবার যে সময় চলে যায়, তা আর ফিরে আসে না। একজন মুমিন তার সময়কে যথাযথভাবে কাজে লাগায়। সে অপ্রয়োজনীয় কথাবার্তা, অনর্থক বিনোদন, অহেতুক বিতর্ক ও সময় নষ্টকারী কাজে নিজেকে ব্যস্ত রাখে না। আল্লাহ তাআলা সফল মুমিনদের পরিচয় দিতে গিয়ে বলেন, ‘আর যারা অনর্থক বিষয় থেকে বিরত থাকে।’ (সুরা : মুমিনুন, আয়াত : ৩)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোনো ব্যক্তির ইসলামের সৌন্দর্যের একটি দিক হলো, তার অনর্থক বিষয় পরিহার করা।’ (জামে তিরমিজি, হাদিস : ২৩১৭)

১২. সর্বদা তওবা ও আত্মশুদ্ধির চেষ্টা করা : মুমিন ফেরেশতা নয়; মানুষ। তার ভুল হতে পারে, গুনাহ হতে পারে, প্রবৃত্তির তাড়নায় কখনো সে আল্লাহর অবাধ্যও হয়ে যেতে পারে। কিন্তু প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হলো, সে গুনাহের ওপর অটল থাকে না। ভুল বুঝতে পারলে দ্রুত আল্লাহর কাছে ফিরে আসে, অনুতপ্ত হয় এবং নিজেকে সংশোধন করে। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, যাতে তোমরা সফলকাম হতে পারো।’ (সুরা : নূর, আয়াত : ৩১)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আদমসন্তানের প্রত্যেকেই ভুলকারী। আর ভুলকারীদের মধ্যে সর্বোত্তম তারা, যারা বেশি বেশি তওবা করে।’ (জামে তিরমিজি, হাদিস : ২৪৯৯)

আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত মুমিন হিসেবে জীবন পরিচালনা করার এবং ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করার তাওফিক দান করুন। আমিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়