spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ জন আটক

জেড নিউজ ডেস্ক:

বৈধ কাগজপত্র নেই। আবার কারও বৈধ কর্ম-অনুমতিপত্র থাকলেও কাজ করছেন অন্য কোম্পানিতে। বিদেশি কর্মী নিয়োগে এমন অনিয়মের চিত্র ধরা পড়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) অভিযানে। পেরাক রাজ্যের ইপোহ শহরের বেরচাম এলাকায় শুক্রবার রাতে পরিচালিত ‘অপস মাহির’ অভিযানে বাংলাদেশিসহ ১৭৫ বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।

অভিযানে তিনটি স্থানে কর্মরত ৩০৫ শ্রমিকের কাগজপত্র ও কর্মস্থল যাচাই করা হয়। আটক ব্যক্তিদের অধিকাংশই বাংলাদেশের নাগরিক। এছাড়া মিয়ানমার ও ভিয়েতনামের নাগরিকও রয়েছেন।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের অধীনে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। অভিযানে বৈধ নথি বা অনুমতিপত্র ছাড়া কাজ করা এবং এক কোম্পানির নামে ইস্যু করা পারমিট দিয়ে অন্য প্রতিষ্ঠানে কাজ করার মতো অনিয়ম পাওয়া গেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শুরু হওয়া অভিযানে বেরচাম এলাকার একটি কাঠের কারখানা, গ্লাভস তৈরির কারখানা ও একটি খাবারের দোকানে তল্লাশি চালানো হয়। সেখানে কর্মরত শ্রমিকদের কাগজপত্র ও কর্মস্থলের তথ্য যাচাইয়ের পর ১৭৫ জনকে আটক করা হয়।

জাকারিয়া শাবান বলেন, বৈধ পারমিট ছাড়া বিদেশি নাগরিকের কাজ করা ইমিগ্রেশন আইনের লঙ্ঘন। একইভাবে কোনো শ্রমিকের পারমিট থাকলেও সেটি যে কোম্পানির নামে দেওয়া হয়েছে, তার বাইরে অন্য প্রতিষ্ঠানে কাজ করাও অপরাধ।

অভিযানে বিদেশি কর্মীদের বৈধতা যাচাই করতে গিয়ে কয়েকটি ঘটনায় জাল সাময়িক কর্মভ্রমণ পাস (পিএলকেএস) ব্যবহারের তথ্যও পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে নথিগুলোর উৎস এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত কি না, তা তদন্ত করছে ইমিগ্রেশন বিভাগ।

জাকারিয়া শাবান জানান, জাল পিএলকেএস কোথা থেকে আসছে, কীভাবে তৈরি হচ্ছে এবং কারা এর সঙ্গে জড়িতএসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। কোনো এজেন্ট বা মধ্যস্থতাকারী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত কি না, তাও তদন্তের আওতায় রয়েছে।

তদন্তে এসব নথি ব্যবহারকারী নিয়োগকর্তাদের ভূমিকাও গুরুত্ব পাচ্ছে। কোনো নিয়োগকর্তা জেনেশুনে ভুয়া পিএলকেএস ব্যবহার করে বিদেশি কর্মী নিয়োগ করেছেন কি না, তা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

ইপোহের ঘটনায় এখন বড় প্রশ্ন জাল পিএলকেএসের উৎস কোথায়? কারা এসব নথি তৈরি করছে এবং কীভাবে তা বিদেশি কর্মী ও নিয়োগকর্তাদের হাতে পৌঁছাচ্ছে?

ভুয়া পিএলকেএস পাওয়া শ্রমিকরা এসব নথি কার কাছ থেকে সংগ্রহ করেছেন, কোনো এজেন্ট, দালাল বা মধ্যস্থতাকারীর সঙ্গে তাদের যোগাযোগ ছিল কি না তাও তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়