জেড নিউজ, ঢাকা:
চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় পর্যায়ের সব নির্বাচন সম্পন্ন করতে বাজেটে ৬ হাজার কোটি টাকা সংরক্ষিত রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন শেষ করতে বাজেটে ৬ হাজার কোটি টাকা সংরক্ষিত আছে।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে যে পাঁচটি অর্ডিন্যান্স জারি করেছিল, সেগুলো ইতোমধ্যে জাতীয় সংসদে আইন হিসেবে পাস হয়েছে।
ফলে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে প্রার্থী মনোনয়নের বিধান আর থাকছে না। শাহে আলম বলেন, এবার স্থানীয় সরকারের নির্বাচন হবে সাধারণ প্রতীকে এবং নির্দলীয়ভাবে।
তবে রাজনৈতিক দলগুলো তাদের পছন্দের প্রার্থীকে দলীয়ভাবে সমর্থন দেওয়ার সুযোগ পাবে। তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলো যথাসময়ে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। বাজেটে বরাদ্দ রাখা অর্থ এ নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ দিন নবগঠিত মোকামতলা উপজেলার নবনিযুক্ত নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় তিনি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।





