spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

বার্সার জার্সিতে নিজের ছবি দেখে আলভারেজের ‘লাইক’, কী বার্তা দিলেন?

জেড নিউজ স্পোর্টস:

হুলিয়ান আলভারেজের বার্সেলোনায় যাওয়ার আগ্রহ দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে। তবে আতলেতিকো মাদ্রিদ নিজেদের অবস্থানে অনড়—ক্যাম্প ন্যুয়ে যাওয়ার পথ তার জন্য বন্ধ। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে তারা কেবল আর্সেনালে যাওয়ার অনুমতি দিতে রাজি।

নিজ ক্লাবের এমন কঠোর অবস্থানের মধ্যেও বার্সেলোনার জার্সি পরার ব্যাপারে নিজের সিদ্ধান্তে অটল রয়েছেন আলভারেজ।

বিশ্বকাপ চলাকালীনই নিজের ইচ্ছার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন আলভারেজ। তখন তিনি বলেছিলেন, ‘আমি এটা লুকাতে পারি না, দলবদলই ভালো। আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই।’ এবার সরাসরি কিছু না বলেও যেন সেই ইচ্ছারই নতুন ইঙ্গিত দিলেন আর্জেন্টাইন তারকা।

স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমের প্রথম ম্যাচে গত রোববার ভিয়ারিয়ালের বিপক্ষে আতলেতিকোর সমর্থকদের দুয়ো শুনতে হয়েছে আলভারেজকে। এর দুই দিন পরই সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ঘটে কৌতূহলোদ্দীপক এক ঘটনা।

‘navarroo10’ নামের এক ব্যবহারকারী কয়েক দিন আগে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তাকে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। ভিডিওর পেছনে ঝাপসা করে রাখা ছিল বার্সেলোনার জার্সি পরা আলভারেজের ছবি, যেখানে দেখা যায় তার পরিচিত ‘স্পাইডারম্যান’ উদ্‌যাপনের ভঙ্গি।

ভিডিওটির সঙ্গে ছিল জিয়নের ‘Alócate’ গান। সোমবার একই ব্যবহারকারী নতুন একটি ভিডিও পোস্ট করে জানান, আগের ভিডিওটিতে আলভারেজ নিজেই ‘লাইক’ দিয়েছেন। বিষয়টি দেখে তিনি রীতিমতো বিস্মিত।

অর্থাৎ বার্সেলোনার জার্সি পরা আলভারেজের সেই পোস্ট আর্জেন্টাইন ফরোয়ার্ডের নজর এড়ায়নি।

দলবদলের মৌসুম শেষ হতে বাকি আর এক সপ্তাহেরও কম। এই সময়েও আলভারেজকে নিয়ে আতলেতিকোর অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। অন্যদিকে বার্সেলোনাও পরিস্থিতির ওপর নজর রাখছে। সুযোগ তৈরি হলে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দলে ভেড়ানোর সম্ভাবনাও তারা উড়িয়ে দিচ্ছে না।

এর মধ্যে আলভারেজের এই ছোট্ট ‘লাইক’ নতুন করে জল্পনা বাড়িয়েছে। সরাসরি কিছু না বলেও বার্সেলোনার প্রতি নিজের আগ্রহের আরেকটি বার্তা কি দিয়ে রাখলেন আলভারেজ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়