spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি

জেড নিউজ স্পোর্টস:

পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রোববার পাকিস্তান সরকারকে আবারও চিঠি লিখেছেন বিভিন্ন দেশের ২১ সাবেক ক্রিকেট অধিনায়ক।

৭৩ বছর বয়সি ইমরানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি লিখেছেন তারা। ছয় মাসের ব্যবধানে এটি তাদের দ্বিতীয় চিঠি। গত ফেব্রুয়ারিতে প্রথম চিঠি লিখেছিলেন ১৪ জন সাবেক অধিনায়ক।

এবার অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেলের উদ্যোগে লেখা চিঠিতে সুনীল গাভাস্কার, কপিল দেব, অর্জুনা রানাতুঙ্গা, অ্যালান বোর্ডার, ইয়ান চ্যাপেল, মাইক গ্যাটিং, অ্যাডাম গিলক্রিস্ট, ক্লাইভ লয়েড, মাইক আথারটন, নাসের হুসেইন, স্টিভ ওয়াহ, অ্যালিস্টার কুক, জন রাইটসহ মোট ২১ জন সাবেক অধিনায়ক স্বাক্ষর করেছেন।

সম্প্রতি ইমরানের যথাযথ চিকিৎসার জন্য পাকিস্তান সুপ্রিমকোর্টের একটি আদেশ বাস্তবায়ন না হওয়ার পরিপ্রেক্ষিতে এই চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে তিনটি নির্দিষ্ট দাবি জানিয়েছেন সাবেক অধিনায়করা।

প্রথম দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী গঠিত পূর্ণাঙ্গ মেডিকেল বোর্ডকে স্বাধীনভাবে ইমরানের স্বাস্থ্য পরীক্ষা শেষ করতে দিতে হবে। দ্বিতীয় দাবি, আদালতের নির্দেশ অনুযায়ী সাপ্তাহিক পারিবারিক সাক্ষাৎ কোনো প্রশাসনিক জটিলতা ছাড়া নিশ্চিত করা। তৃতীয় দাবি, মেডিকেল বোর্ড যে চিকিৎসা সুপারিশ করবে, তা দ্রুত কার্যকর করা।

চিঠিতে স্বাক্ষরকারীরা নিজেদের পরিচয় দিয়েছেন, ‘রাজনীতিবিদ হিসাবে নয়, ক্রিকেট মাঠে গড়ে ওঠা সম্পর্কের জায়গা থেকে সাবেক সতীর্থ ও প্রতিদ্বন্দ্বী হিসাবে এই আবেদন।’

একই সঙ্গে তারা নিশ্চিত করেছেন, পাকিস্তানের আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ তাদের উদ্দেশ্য নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়