জেড নিউজ ডেস্ক :
ভারতের খ্যাতনামা পরিচালক এস এস রাজামৌলির আগামী চলচ্চিত্র ‘বারাণসী’তে প্রিয়াঙ্কা চোপড়ার নতুন চরিত্রের প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার জন্মদিন উপলক্ষে ছবিটির প্রযোজনা সংস্থা তার চরিত্রের দুইটি এক্সক্লুসিভ স্থিরচিত্র প্রকাশ করে।
এই ছবিতে তাকে ‘মন্দাকিনী’ নামের একটি বিশেষ চরিত্রে দেখা যাবে।
অ্যাকশন ও অ্যাডভেঞ্চারধর্মী এই চলচ্চিত্রটিতে প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও প্রধান চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন। চলচ্চিত্রটির কাহিনী গড়ে উঠেছে হাজার হাজার বছরের ইতিহাস এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রেক্ষাপট নিয়ে, যার বিস্তৃতি অ্যান্টার্কটিকা ও আফ্রিকা থেকে শুরু করে ভারতের বারাণসী শহর পর্যন্ত।
বিশ্বখ্যাত ‘আরআরআর’ চলচ্চিত্রের অভাবনীয় সাফল্যের পর এটিই পরিচালক রাজামৌলির পরবর্তী সিনেমা।
উল্লেখ্য, ‘আরআরআর’ ছবির বিখ্যাত ‘নাটু নাটু’ গানটি শ্রেষ্ঠ মৌলিক গান হিসেবে অস্কার জিতেছিল। সেই অস্কারজয়ী সুরকার এম এম কীরাবানি এই ‘বারাণসী’ চলচ্চিত্রের সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন। সবকিছু ঠিক থাকলে, ২০২৭ সালের ৭ এপ্রিল বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিগ বাজেটের এই সিনেমাটি।





