spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

বিশ্বকাপের শেষ চার ম্যাচে থাকছে বিশেষ বল

জেড নিউজ স্পোর্টস:

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ চারটি ম্যাচে ব্যবহৃত হবে নতুন অফিশিয়াল ম্যাচ বল ‘ট্রায়োন্ডা ফাইনাল’। সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনালের জন্য বিশেষভাবে তৈরি এই বল উন্মোচন করেছে ক্রীড়া সামগ্রী নির্মাতা অ্যাডিডাস। তাতে, ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো শেষ পর্বের জন্য আলাদা ডিজাইনের ম্যাচ বল দিয়ে ম্যাচ পরিচালনা করা হবে।

সোনালি, সাদা ও কালো রঙের ডিজাইনের এই বলটি ফুটবলের সর্বোচ্চ সম্মান বিশ্বকাপ ট্রফির অনুপ্রেরণায় তৈরি করা হয়েছে । ২০২৫ সালের অক্টোবরে উন্মোচিত ‘ট্রায়োন্ডা’ বলের প্রযুক্তিগত কাঠামো অক্ষুণ্ণ রেখে শেষ চার ম্যাচের মর্যাদা ফুটিয়ে তুলতেই এতে আনা হয়েছে নতুন নকশা।

ট্রায়োন্ডা ফাইনালের ডিজাইনে ২০২৬ বিশ্বকাপের ১৬টি আয়োজক শহরকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে । সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনালের ভেন্যু ডালাস, আটলান্টা, মিয়ামি এবং নিউ ইয়র্ক নিউ জার্সিকে ডিজাইনের মূল অংশে রাখা হয়েছে। পাশাপাশি বোস্টন, গুয়াদালাহারা, হিউস্টন, কানসাস সিটি, লস অ্যাঞ্জেলেস, মেক্সিকো সিটি, মন্টেরে, ফিলাডেলফিয়া, সান ফ্রান্সিসকো বে এরিয়া, সিয়াটল, টরন্টো ও ভ্যাঙ্কুভারের উপস্থিতিও রয়েছে বিশেষ গ্রাফিক উপাদানে।

‘ট্রায়োন্ডা ফাইনাল’ বল নিয়ে সোমবার এক বিবৃতিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘ফিফা বিশ্বকাপের শেষ চারটি ম্যাচের জন্য ট্রায়োন্ডা ফাইনাল এসে গেছে। এই বিশ্বকাপে ট্রায়োন্ডা যতবার জালে জড়িয়েছে, ততবারই কোটি সমর্থকের আনন্দের উপলক্ষ্য হয়েছে। এটি কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ঐক্য ও আবেগের প্রতীক।’

তিনি আরো বলেন, ‘টুর্নামেন্টের শেষ চারটি ম্যাচে বিশ্বের সেরা ফুটবলারদের প্রতিটি স্পর্শ, পাস, ড্রিবল, সেভ ও গোলের সঙ্গে ১৬টি আয়োজক শহরের অবদানও বিশ্বকাপের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।’ নতুন এই বলে রয়েছে অ্যাডিডাসের সর্বশেষ ‘কানেক্টেড বল’ প্রযুক্তি । এর মাধ্যমে রিয়েল-টাইমে বলের গতিবিধির নির্ভুল তথ্য ম্যাচ কর্মকর্তাদের কাছে পৌঁছাবে, যা দ্রুত ও নির্ভুল সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। একই সঙ্গে ম্যাচ বিশ্লেষণের জন্যও এটি গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়