০২/০৭/২০২৬, ১৪:৩৫ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ২ গোলে এগিয়ে থেকেও পারলো না সেনেগাল; শেষ ষোলোতে বেলজিয়াম

    জেড নিউজ স্পোর্টস:

    ৮৬ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে সেনেগালকে। অতিরিক্ত সময়ের এক বিতর্কিত পেনাল্টি ম্যাচের ভাগ্য নির্ধারণ করলেও সেই সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করতে চাননি প্রধান কোচ পাপে থিয়াও।

    বরং এই হারকে ‘নিষ্ঠুর’ আখ্যা দিয়ে তিনি স্বীকার করেছেন, লিড ধরে রাখতে না পারাই দলের সবচেয়ে বড় আক্ষেপ।

    বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ বেলজিয়ামের বিপক্ষে ৮৬ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে যায় সেনেগাল। ম্যাচের ১২৪ মিনিটে পেনাল্টি থেকে বেলজিয়ামের জয়সূচক গোল করেন ইউরি টিলেমান্স।

    ম্যাচ শেষে ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে থিয়াও বলেন, রেফারির সিদ্ধান্ত নিয়ে আমি কোনো মন্তব্য করবো না। আমরা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছি। আর এটা অবশ্যই খুব কষ্টের। প্রতিপক্ষকে অভিনন্দন জানাতেই হবে। দুর্ভাগ্যজনকভাবে আমরা ২-০ গোলের লিড ধরে রাখতে পারিনি। তারা দ্বিতীয়ার্ধে দারুণভাবে ফিরে এসেছে, যা সামলানো সহজ ছিলো না। এরপর পেনাল্টির ঘটনাও ঘটেছে। ফুটবলে এমনই হয়। সবাই এই সিদ্ধান্তের নিজস্ব ব্যাখ্যা দেবে, কিন্তু আমি রেফারিং বিতর্কে যেতে চাই না। বেলজিয়ামকে শেষ ষোলোতে ওঠার জন্য অভিনন্দন জানাই, এটুকুই।

    বুধবার (১ জুলাই) যুক্তরাষ্ট্রের সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে দাপট দেখায় সেনেগাল। দ্বিতীয়ার্ধের ৪০তম মিনিট পর্যন্তও তারা ২-০ ব্যবধানে এগিয়ে ছিল।

    যদিও মাত্র তিন মিনিটের ব্যবধানে দুটি গোল করে সমতায় ফেরে বেলজিয়াম। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, যেখানে শেষ মুহূর্তের পেনাল্টি থেকে গোল করে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে ইউরোপের দলটি।

    ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে থিয়াও বলেন, ম্যাচের কিছু সময় আমাদের কয়েকজন খেলোয়াড় শারীরিক সমস্যায় পড়েছিল। কেউ কেউ এতটাই ক্লান্ত ছিল যে আর খেলতে পারছিলো না। কিন্তু একবার আমরা লিড হারানোর পরও আমাদের সুযোগ ছিল ম্যাচটা ধরে রাখার। এখন আমাদের এই ফল মেনে নেওয়া ছাড়া উপায় নেই। ফুটবল এমনই।

    বিতর্কিত মুহূর্তটি আসে অতিরিক্ত সময়ের ১২তম মিনিটে। বক্সের মধ্যে একটি ক্রসের সময় কামারার ট্যাকলে মাটিতে পড়ে পেনাল্টির আবেদন জানান ইউরি টিলেমান্স। হন্ডুরাসের রেফারি সাঈদ মার্টিনেজ প্রথমে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।

    পরে প্রায় দুই মিনিট ভিডিও পর্যালোচনার পর ভিএআরের দায়িত্বে থাকা রোদলফো টোস্কি রেফারিকে পেনাল্টি দেওয়ার সুপারিশ করেন। আরও দুই মিনিট ফুটেজ দেখে নিজের আগের সিদ্ধান্ত পরিবর্তন করেন মার্টিনেজ। অতিরিক্ত সময়ের ১৬তম মিনিটে সেই পেনাল্টি থেকেই গোল করে বেলজিয়ামকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন টিলেমান্স।

    এমন পরাজয়ের অনুভূতি জানাতে গিয়ে থিয়াও বলেন, এটা খুবই নিষ্ঠুর এক পরাজয়। আমরা ভালো খেলছিলাম, দুই গোলে এগিয়েও ছিলাম। কিন্তু ফুটবল শুধু ৮৫ মিনিটের খেলা নয়। শেষ পর্যন্ত তারা আমাদের ওপর চাপ সৃষ্টি করেছে, আর আমরা সেটা সামলাতে পারিনি। বেলজিয়ামকে অভিনন্দন জানাতেই হবে। আমাদের শুধু কাজ করে যেতে হবে।

    সংবাদ সম্মেলনেও আত্মসমালোচনার সুর ছিল সেনেগাল কোচের কণ্ঠে। তিনি বলেন, আমরা পুরো ম্যাচেই লড়াইয়ে ছিলাম। জিতলে কথা বলা সহজ হয়, কিন্তু এখন আমাদের টুর্নামেন্ট শেষ। সামনে তাকাতে হবে। কোথায় ভুল করেছি, সেটা বিশ্লেষণ করতে হবে এবং ভবিষ্যতে আরও ভালো করার জন্য সেই ভুলগুলো সংশোধন করতে হবে।

    গ্রুপ পর্বে সেনেগাল ইরাকের বিপক্ষে একটি ম্যাচ জিতেছিল এবং ফ্রান্স ও নরওয়ের কাছে হেরেছিল। এরপর নকআউট পর্বের প্রথম ম্যাচেই বেলজিয়ামের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল তারা। অন্যদিকে, শেষ ষোলোতে বেলজিয়ামের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়