জেড নিউজ, ঢাকা:
এক-এগারোর সময়ের আলোচিত সেনা কর্মকর্তা, সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৩ মার্চ) দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকালে ডিএমপির ডিবি প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে বর্তমানে প্রায় পাঁচটি মামলা রয়েছে। অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলামের নেতৃত্বেই এই গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়।
মাসুদ উদ্দিন চৌধুরী ২০০৭ সালে রাজনৈতিক পটপরিবর্তনের সময় অত্যন্ত প্রভাবশালী ও আলোচিত ব্যক্তি ছিলেন। তৎকালীন সময়ে তিনি সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে দায়িত্ব পালন করেন এবং এক-এগারো পরবর্তী পরিস্থিতি সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
পরবর্তীতে তাকে ‘গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির’ সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এই কমিটির অধীনেই সে সময় প্রভাবশালী রাজনীতিকদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হয়েছিল। দায়িত্ব পালনকালে তিনি লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পান।
২০০৮ সালে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তিন দফায় তার চাকরির মেয়াদ বাড়িয়েছিল।
সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর মাসুদ উদ্দিন চৌধুরী সক্রিয় রাজনীতিতে যুক্ত হন এবং ২০১৮ সালে জাতীয় পার্টিতে যোগ দিয়ে একাদশ সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এ ছাড়া তিনি ঢাকায় রেস্টুরেন্টসহ বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।



