জেড নিউজ ডেস্ক:
চট্টগ্রাম থেকে কক্সবাজারের ঈদগাঁও থানার নূরুল আমিন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার চট্টগ্রাম ও কক্সবাজার র্যাবের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- জয়নাল আবেদীন,তার ছেলে মো. রায়হান এবং স্ত্রী রেহেনা বেগম। তিনজনই কক্সবাজারের ঈদগাঁও থানার বাহারছড়া এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম র্যাব-৭-এর সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন জানান, খুনের মামলার পলাতক আসামি জয়নাল আবেদীন হাটহাজারী এলাকায় অবস্থান করছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার হাটহাজারীর অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, একই এলাকার কুয়াইশ সংযোগ সড়কে আরেকটি অভিযান চালিয়ে তার ছেলে রায়হান ও স্ত্রী রেহেনা বেগমকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজারের ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, নিহত নূরুল আমিনের সঙ্গে প্রতিবেশী জয়নাল আবেদীনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে নূরুল আমিন কক্সবাজার সদর থানায় একটি মামলা করেন। পরে মামলা আপস-মীমাংসা ও তুলে নেওয়া নিয়ে চলতি বছরের ২১ জানুয়ারি জয়নাল আবেদীন ও নূরুল আমিনের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং নূরুল আমিনকে হত্যার হুমকি দেওয়া হয়।
পরদিন ২২ জানুয়ারি ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে মসজিদে যাওয়ার পথে বাহারছড়া সড়কে জয়নাল আবেদীন ও তার সহযোগীরা নূরুল আমিনের ওপর হামলা চালায়। দেশীয় ধারালো অস্ত্র, দা, কিরিচ ও লাঠি দিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার পর নিহতের মেয়ে বাদী হয়ে ঈদগাঁও থানায় সাতজনেরর নাম উল্লেখ ছাড়া আরও তিন থেকে চারজনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
কক্সবাজারে খুনের আসামি মা-বাবা-ছেলে চট্টগ্রামে গ্রেপ্তার



