বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক জোরদারে বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান সবসময় স্মরণ করা হবে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানান রাজনাথ সিং। এ সময় তিনি হাইকমিশনে সংরক্ষিত শোক বইতে একটি বার্তা লেখেন।
শোকবার্তায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ভারত ও বাংলাদেশের সম্পর্ক জোরদারে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
এর আগে বাংলাদেশ হাইকমিশনে পৌঁছালে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ রাজনাথ সিংকে স্বাগত জানান।
উল্লেখ্য, এটি রাজনাথ সিংয়ের দ্বিতীয়বারের মতো দিল্লির বাংলাদেশ হাইকমিশন সফর। এর আগে ২০২১ সালের ২২ নভেম্বর বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি সেখানে উপস্থিত ছিলেন।
ওই সময় ভারতের প্রতিরক্ষামন্ত্রীর সফরটি কূটনৈতিক অঙ্গনে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হয়েছিল। প্রচলিত প্রটোকলের ব্যতিক্রম হিসেবে দেখা হওয়া ওই উপস্থিতিকে তৎকালীন সরকারের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক এবং সামরিক ও কূটনৈতিক সৌহার্দ্যের প্রতিফলন হিসেবে দেখা হয়।



