জেড নিউজ ডেস্ক:
সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় হতাহত বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের নাম-পরিচয় জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। হামলায় দায়িত্বরত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন। এই খবর জানার পর থেকে শহীদদের পরিবারে চলছে শোকের মাতম। শহীদ সেনাসদস্য শান্ত মন্ডলের নিহতের খবরে এভাবেই কান্নায় ভেঙে পড়ছেন তার মা সাহেরা বেগম।
মাত্র কদিন আগে, গত মাসের নভেম্বরে শান্তি মিশনে সুদানে যান, ২০১৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করা শান্ত মন্ডল। তার মৃত্যুর খবরে কুড়িগ্রামের রাজারহাটের ছাট মাধাই গ্রামের মন্ডলপাড়ায় নেমে এসছে শোকের ছায়া। দেশের গর্বিত এই সেনাদের একনজর দেখতে আকুতি জানিয়েছে পরিবার ও এলাকাবাসী।
এদিকে, নিহত আরেক বীর শহীদ সেনাসদস্য মমিনুল ইসলামের বাড়িও কুড়িগ্রামের উলিপুরের উত্তর পান্ডুল গ্রামে। সেখানেও চলছে শোকের মাতম।
নিহতের তালিকায় আরেজন নাটোরের লালপুরের বোয়ালিয়াপাড়া গ্রামের মৃত সাহার মালিথার ছেলে করপোরাল মাসুদ রানা। মাত্র এক মাস ৮ দিন আগে সুদানে যান। তাদের সাথে আরও কর্মরত ছিলেন রাজবাড়ীর সৈনিক শামীম রেজা, কিশোরগঞ্জের মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও গাইবান্ধার লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া। মিশনে যাওয়ার সেই খুশির রেশ কাটতে না কাটতেই শোকে বিহবল পরিবারগুলো।



