জেড নিউজ, ঢাকা:
বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই এসএস পাওয়ার লিমিটেডের বিদেশি ঋণের ২৮৩ মিলিয়ন ডলার দুটি কিস্তিতে পরিশোধ করেছে রাষ্ট্রায়ত্ত্ব রূপালী ব্যাংক। এজন্য রূপালী ব্যাংকের কাছে চিঠি পাঠিয়ে ব্যাখ্যা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। বিস্তারিত প্রতিবেদনে।
বাংলাদেশ ব্যাংক এক চিঠিতে বলেছে, রূপালী ব্যাংক তাদের অনুমোদন ছাড়াই ব্যাংক অফ চায়নার সিঙ্গাপুর শাখায় এসএস পাওয়ার লিমিটেডের বিদেশি ঋণের অর্থ পাঠিয়েছে। এর মধ্যে তৃতীয় কিস্তির ১৪০ মিলিয়ন ডলার পরিশোধ করা হয় ২০২৪ সালের ১৯ ডিসেম্বর এবং চতুর্থ কিস্তির ১৪৩ মিলিয়ন ডলার পরিশোধ করা হয় ২০২৫ সালের ২৩ জুন।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণ এবং ২০৩৫ সাল পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ব্যাংক অফ চায়না থেকে ১ হাজার ৬৯৭ মিলিয়ন ডলার ঋণ নেওয়া হয়েছিল। এর মধ্যে এখন পর্যন্ত ৫৭৫ মিলিয়ন ডলার আসল ও সুদসহ পরিশোধ করা হয়েছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবি ও এসএস পাওয়ারের মধ্যে চুক্তি স্বাক্ষরের পর ২০১৬ সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যৌথভাবে এই প্রকল্পের উদ্বোধন করেছিলেন। বঙ্গোপসাগরের কূল ঘেঁষে বাঁশখালীর গন্ডামারা এলাকায় স্থাপিত বিদ্যুৎকেন্দ্রটি এস আলম গ্রুপ ও চীনের সেপকো থ্রি-র যৌথ মালিকানাধীন। এ বিদ্যুৎকেন্দ্রের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এস আলম গ্রুপের মোহাম্মদ সাইফুল আলম মাসুদ।



