২৭/০৬/২০২৬, ৮:৫৫ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    খুলনায় আদালত চত্বরে গুলি করে ও কুপিয়ে দুজনকে হত্যা

    জেড নিউজ ডেস্ক:

    খুলনা মহানগর দায়রা জজ আদালত চত্বরে দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে দুজন নিহত হয়েছেন। রোববার (৩০ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে আদালত ফটকের সামনে এই হামলার ঘটনা ঘটে।

    নিহতরা হলেন—খুলনার নতুন বাজার এলাকার বাসিন্দা হাসিব হাওলাদার ও রাজন। তারা একটি অস্ত্র মামলায় জামিনে ছিলেন এবং আজ হাজিরা দিতে আদালতে এসেছিলেন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, হাসিব ও রাজন আদালতে হাজিরা শেষে মোটরসাইকেল রেখে চা পান করছিলেন। এ সময় হঠাৎ চার-পাঁচজন দুর্বৃত্ত হেঁটে এসে তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তারা মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দ্রুত পালিয়ে যায়।

    খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, দুর্বৃত্তদের হামলায় আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

    নিহত হাসিবের ভাই শাকিল হাওলাদার বলেন, ‘কিছুদিন আগে একটি অস্ত্র মামলায় আমার ভাইকে আসামি করা হয়। সেই মামলার হাজিরা দিতেই আজ তিনি আদালতে এসেছিলেন। কে বা কারা এই হামলা করল, আমরা কিছুই বুঝতে পারছি না।’

    খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শিহাব করীম বলেন, ‘আদালতের সামনে দুজনকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল পুলিশ ঘিরে রেখেছে। কারা এই হামলায় জড়িত এবং তাদের উদ্দেশ্য কী—তা উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।’

    পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তদের শনাক্ত করতে আদালত এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং প্রযুক্তিগত বিশ্লেষণ চলছে।

    দিনদুপুরে আদালত চত্বরে এমন ভয়াবহ হত্যাকাণ্ডে আইনজীবী ও বিচারপ্রার্থীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রকাশ্যে এভাবে খুনের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আদালতের আইনজীবীরা।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়