নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া-পাবনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও অটোরিক্সার সংঘর্ষে ৩ জন মারা গেছে। নিহত ৩ জনই অটোরিক্সার যাত্রী। আহত হয়েছে আরো ২ জন।
আজ সোমবার দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার বনপাড়া-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন ও স্থানীয়রা জানান, বনপাড়া থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস বনপাড়া-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিক্সার সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার তিন যাত্রী নিহত এবং দুইজন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। মরদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। বাসটি আটক করতে পারলেও বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে যায়। তাদের আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।



