কুড়িগ্রাম প্রতিনিধি:
ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে। পানি বাড়ায় ভারতের অভ্যন্তর থেকে কালজানি নদী দিয়ে ভেসে আসছে হাজারো গাছের গুড়ি। ধারণা করা হচ্ছে, বন হতে পানির স্রোতে এসব গাছ ভেসে আসছে। কাটা গাছের গুড়ির সাথে শেকড়সহ উপড়ে আসা গাছের দেখা মিলছে।
রোববার বিকেল থেকে এসব গাছ নদী থেকে তুলে আনছেন তীরবর্তী মানুষরা। ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ঢলডাঙা, শালঝোড় এলাকায় কালজানি নদীর পাড় থেকে এসব তুলছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, ভেসে আসা বেশির ভাগ গাছ কেটে রাখা। কিছু গাছ শেকড়সহ আসছে। ধারণা করা হচ্ছে, পানির স্রোতে বন থেকে উপড়ে আসছে এসব গাছ।খোঁজ নিয়ে জানা গেছে, ভুটানের জয়গা এলাকা থেকে হাসিমারা ফরেস্ট হয়ে এসব কাঠ আসতে পারে। ভারতের সীমান্তবর্তী বাসিন্দারা বলছেন, কালজানীর উজানে ভারতের হাসিমারা বনাঞ্চল রয়েছে। সেখানে বৃষ্টির পানি প্রবেশ করেছে এবং তীব্র স্রোত দেখা দিয়েছে।
ভুটান ও ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা দিয়ে কালজানি নদী বাংলাদেশে প্রবেশ করেছে। আশপাশের একাধিক বনাঞ্চল প্লাবিত হয়ে এসব কাঠের গুড়ি ভেসে আসতে পারে।



