পুলিশের সাবেক ডিআইজি ও মেহেরপুরের সাবেক পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর ইস্কাটন থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।
নাহিদুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে। সেই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এরপরই ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করল। রাতেই তাকে ডিবি কার্যালয়ে নেয়ার পর আজ আদালতে তোলা হয়।
মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ছমির উদ্দিনের জ্যেষ্ঠ পুত্র ও জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে মূল আসামি মেহেরপুরের সাবেক এই পুলিশ সুপার ও সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম।
এর আগে, গত ২৮ জুলাই এক প্রজ্ঞাপনের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একেএম নাহিদুল ইসলামকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। একেএম নাহিদুল ইসলাম ২০২৩ সালের ১১ জুলাই ডিআইজি পদে পদোন্নতি পান। তখন তিনি সিআইডির অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পদোন্নতির পরও তাকে সিআইডিতে রাখা হয়। তিনি অতীতে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সাবেক ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম গ্রেপ্তার



