জেড নিউজ ডেস্ক:
সংবাদপত্রের প্রচার সংখ্যা ও প্রকাশনার স্থানভেদে সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ করেছে সরকার। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্ন বিভাগীয় শহর এবং জেলা শহর ও অন্যান্য অঞ্চল থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রের জন্য পৃথক বিজ্ঞাপন হার নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
পরিপত্র অনুযায়ী, প্রচার সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বিজ্ঞাপনের মূল্য নির্দিষ্ট হারে বাড়বে, তবে প্রতিটি শ্রেণির সংবাদপত্রের জন্যই বিজ্ঞাপনের একটি সর্বোচ্চ মূল্যসীমা (ক্যাপ) নির্ধারণ করে দেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন মেয়াদে প্রকাশিত পত্রিকা ও সাময়িকীর বিজ্ঞাপন হারও পুনর্নির্ধারণ করা হয়েছে।
ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় শহর থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রের প্রচার সংখ্যা ৬ হাজার থেকে ৭ হাজার হলে বিজ্ঞাপনের হার নির্ধারণ করা হয়েছে ৪৫০ টাকা।
প্রচার সংখ্যা ৭ হাজার ১ থেকে ৩০ হাজার হলে প্রতি হাজারে ৭ টাকা করে হার বাড়বে। ৩০ হাজার ১ থেকে ৫০ হাজার প্রচার সংখ্যার ক্ষেত্রে প্রতি হাজারে ৬ টাকা এবং ৫০ হাজার ১ থেকে ৯০ হাজারের ক্ষেত্রে প্রতি হাজারে ৫ টাকা করে বাড়বে। প্রচার সংখ্যা ৯০ হাজার ১ বা তার বেশি হলে প্রতি হাজারে ৪ টাকা হারে বাড়বে বিজ্ঞাপনের মূল্য। এ শ্রেণির সংবাদপত্রের বিজ্ঞাপনের সর্বোচ্চ হার ১ হাজার ১০০ টাকা।
ঢাকা, চট্টগ্রাম ও সিলেট ছাড়া অন্যান্য বিভাগীয় শহর থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রের প্রচার সংখ্যা ৪ হাজার থেকে ৫ হাজার হলে বিজ্ঞাপনের হার হবে ৪২০ টাকা। প্রচার সংখ্যা ৫ হাজার ১ থেকে ৩০ হাজার হলে প্রতি হাজারে ৬ টাকা, ৩০ হাজার ১ থেকে ৫০ হাজার হলে প্রতি হাজারে ৫ টাকা এবং ৫০ হাজার ১ বা তার বেশি হলে প্রতি হাজারে ৪ টাকা হারে বিজ্ঞাপনের মূল্য বাড়বে। এ ক্ষেত্রে সর্বোচ্চ হার নির্ধারণ করা হয়েছে ৮৫০ টাকা।
অন্যদিকে, জেলা শহর ও অন্যান্য স্থান থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রের প্রচার সংখ্যা ৩ হাজার থেকে ৪ হাজার হলে বিজ্ঞাপনের হার হবে ৪০০ টাকা। প্রচার সংখ্যা ৪ হাজার ১ থেকে ৩০ হাজার হলে প্রতি হাজারে ৬ টাকা এবং ৩০ হাজার ১ বা তার বেশি হলে প্রতি হাজারে ৫ টাকা হারে বিজ্ঞাপনের মূল্য বাড়বে।
এ শ্রেণির সংবাদপত্রের বিজ্ঞাপনের সর্বোচ্চ হার ৮০০ টাকা।
পরিপত্রে আরো বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে প্রকাশিত অর্ধসাপ্তাহিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক ও ত্রৈমাসিক পত্রিকা বা সাময়িকীর বিজ্ঞাপন মূল্যহারও পুনর্নির্ধারণ করা হয়েছে। একইভাবে জেলা শহর ও অন্যান্য স্থান থেকে প্রকাশিত এসব পত্রিকা ও সাময়িকীর জন্যও নতুন বিজ্ঞাপন মূল্যহার নির্ধারণ করা হয়েছে।





