জেড নিউজ ডেস্ক:
মৌলভীবাজারে মুষলধারে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। তলিয়ে গেছে সড়ক, বাড়িঘরে ঢুকেছে পানি। দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।
জেলার বিভিন্ন এলাকার পাহাড়ি ছড়া ও খাল উপচে পানি ঢুকে পড়েছে লোকালয়ে। তলিয়ে গেছে অনেক সড়ক। বাড়িঘরে পানি প্রবেশ করায় দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। কোথাও কোথাও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে।
জলাবদ্ধতার কারণে অনেক পরিবার দুপুরে রান্না করতে পারেনি। নিম্নাঞ্চলের বহু মানুষ কর্মস্থলেও যেতে পারেননি। দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ।
স্থানীয়রা জানান, প্রতি বছরের মতো এবারও হঠাৎ পানি বেড়ে যাওয়ায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন। দ্রুত পানি নিষ্কাশন এবং প্রয়োজনীয় সহায়তার দাবি জানান তারা। আরও একজন বাসিন্দা বলেন, বাড়িঘরে পানি ঢুকে পড়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। শিশু ও বয়স্কদের নিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে।
এদিকে শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত জেলায় ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর আজ সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রেকর্ড করা হয়েছে আরও ৭১ মিলিমিটার বৃষ্টিপাত।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য জরুরি সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।





